বুধবার শুরু হচ্ছে এশিয়া-প্যাসিফিক বিজনেস ফোরামের সম্মেলন

এশিয়া-প্যাসিফিক বিজনেস ফোরামের (এপিবিএফ) দুইদিনব্যাপী সম্মেলন রাজধানীতে শুরু হবে।
 
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বুধবার রাষ্ট্রপতি আবদুল হামিদ হোটেল সোনারগাঁওয়ে অন্তর্ভুক্তিমূলক, স্থায়ী ও টেকসই উন্নয়নে বাণিজ্যের প্রয়োজনীয়তা ও ভূমিকা কেন্দ্রিক এ সম্মেলন উদ্বোধন করবেন।

বাণিজ্য মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় আইসিবি এবং জাতিসংঘের এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল সম্পর্কিত অর্থনৈতিক ও সামাজিক কমিশন (ইউএনইএসসিএপি) যৌথভাবে এর আয়োজন করছে।
ফোরামের প্রতিপাদ্য হচ্ছে- টেকসই উন্নয়ন অর্জনে আঞ্চলিক সংহতি।
 
এতে বাংলাদেশ, নেপাল, শ্রীলংকা ও ভুটান এবং ইন্টারন্যাশনাল চেম্বার অব কমার্স, ইউএনইএসসিএপি, বাণিজ্য ও উন্নয়ন বিষয়ক জাতিসংঘ কনফারেন্স এবং এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের প্রতিনিধিরা অংশগ্রহণ করবে।
 
সম্মেলনে এসডিজির সফল বাস্তবায়নে দুর্যোগ ঝুঁকি হ্রাস ও জলবায়ু পরিবর্তন অভিযোজন, নয়া জ্বালানি কাঠামো, সহিষ্ণু ও স্বল্প কার্বন নিঃসরণ ব্যবস্থা তৈরি এবং আঞ্চলিক সংহতির জন্য বাণিজ্য ও পরিবহন সুযোগ-সুবিধা সৃষ্টিতে সহায়তা শীর্ষক বিষয়ক সেশন অনুষ্ঠিত হবে।
 
এপিবিএফর সদস্য রাষ্ট্র হচ্ছে ৫৩টি, নয়টি সহযোগী সদস্য, আরো রয়েছে এসকাপ সচিবালয়, এসকাপ বিজনেস এ্যাডভাইজরি কাউন্সিল (ইবিএসি) ও সাসটেইনেবল বিজনেস নেটওয়ার্ক (ইএসবিএন)।
২০০৪ সালে সাংহাইতে ফোরাম গঠিত হয়। বাসস
 
ইত্তেফাক/এএসএমইউ