বগুড়ার কাহালুতে মঙ্গলবার গভীর রাতে সন্দেহভাজন ডাকাতদের সঙ্গে পুলিশের 'বন্দুকযুদ্ধে' দুইজন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন পুলিশের দুই সদস্য।
নিহতরা হলেন, আবুল কালাম শেখ ওরফে দুলাল (৪৮) ও ইব্রাহীম (৪৯)। দুলাল বগুড়া জেলার দুপচাঁচীয় উপজেলার তালোড়া পৌর এলাকার মৃত আব্দুস ছাত্তারের পুত্র এবং ইব্রাহীম একই জেলার নন্দীগ্রাম উপজেলার থালতা গ্রামের মৃত বছির উদ্দিন আকন্দের পুত্র। আহতরা হলেন, কাহালু থানার এ.এস. আই ফিরোজ আলম ও কনস্টেবল আব্দুল বারী।
জানা গেছে, মঙ্গলবার রাত আনুমানিক সোয়া ১ টার দিকে বগুড়া-তালোড়া সড়কের কাহালু উপজেলার দুর্গাপুর ইউনিয়নের পাঁচপীর মাজার এলাকায় কয়েকজন ডাকাতির প্রস্তুতি নেয়। এ সময় টহলরত পুলিশ টের পেয়ে তাদেরকে ধাওয়া করলে পুলিশকে লক্ষ্য করে গুলি ছুঁড়তে থাকে সন্দেহভাজন ডাকাতদল। এসময় পুলিশ নিজেদের আত্নরক্ষার্থে পাল্টা গুলি ছুঁড়লে এসময় দুইজন গুলিবিদ্ধ হয়। এরপর তাদের চিকিৎসার জন্য বগুড়া শহীদ জিয়া মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে রাতেই চিকিৎসাধীন অবস্থায় ওই দুইজন মারা যান। অপর দিকে ডাকাতের গুলিতে আহত পুলিশ সদস্যদের বগুড়া পুলিশ লাইন হাসপাতালে ভর্তি করা হয়েছে।
কাহালু থানার অফিসার ইনচার্জ মো. নুর-এ-আলম সিদ্দিকীর সঙ্গে বুধবার সকালে কথা বলা হলে তিনি জানান, নিহত দুই ডাকাতের বিরুদ্ধে হাফ ডজন করে ডাকাতিসহ অপরাধ মূলক মামলা রয়েছে। এছাড়া তিনি আরোও জানান নিহতরা হলেন আন্তঃজেলা ডাকাত দলের সক্রিয় সদস্য।
ইত্তেফাক/এসএস