একুশে নাট্যোত্সব: মঞ্চে আসছে প্রাঙ্গণেমোরের ‘বিবাদী সারগাম’

 
সোহরাওয়ার্দীর মুক্তমঞ্চে চলছে মাসব্যাপী ‘একুশে নাট্যোত্সব’। এতে আগামী ১৬ ফেব্রুয়ারি মঞ্চস্থ হবে প্রাঙ্গণেমোরের নাটক ‘ বিবাদী সারগাম’। এর আগে এই নাটকটির উদ্বোধনী মঞ্চায়ন হয়ে গেল গতকাল বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালার মূল মিলনায়তনে সন্ধ্যা ৭টায়।
 
 নাটকটি রচনা ও নির্দেশনা দিয়েছেন শিশির রহমান। নির্দেশক জানান, ব্রিটিশ বিরোধী আন্দোলনের আলোয় বাংলার তিন বীরসেনানী বিনয়, বাদল ও দীনেশের কলকাতা রাইটার্স বিল্ডিং আক্রমণের ঘটনাকে কেন্দ্র করে আবর্তিত এই নাটক। ঘটনার বিন্যাসের প্রয়োজনে এই তিন বীরকে তুলে ধরতে গিয়ে সমসাময়িক ঘটনাগুলো বিন্যাস্ত করা হয়েছে। এদের মধ্যে বিনয় ও বাদল আত্মহত্যা করেছিল আর দীনেশকে উঠতে হয়েছিল ফাঁসির মঞ্চে।
 
নাটকটিতে অভিনয় করছেন রামিজ রাজু, মাইনুল তাওহীদ, বন্ধু তুহিন, রিগ্যান সোহাগ রত্ন, শুভেচ্ছা রহমান, সবুক্তগীন শুভ, লিটু রায়, আহমেদ সুজন, চৈতালী চৈতী, রাহুল, নিরঞ্জন নীরু, সুজন গুপ্ত, প্রীতি, মাহমুদুল হাসান, সোহাগ রহমান, স্বাধীন আরুশ, নুপুর, মিঠুন, উর্মিলা, মৌসুমী মৌ, পরশ ও বাঁধন সরকার। মাত্র ৩ মাসের ব্যবধানে প্রাঙ্গণেমোর নাট্যদল মঞ্চে নিয়ে এসেছে নতুন এই নাটকটি। এ নিয়ে দলটি টানা ৩ মাসে ৩টি নতুন নাটক মঞ্চে নিয়ে এলো। ঢাকার মঞ্চে নতুন নাটক আনার ক্ষেত্রে কোনো দলের জন্য এ ধরনের ঘটনা এই প্রথম। 
 
প্রাঙ্গণেমোর আগামী ১২ ফেব্রুয়ারি মঞ্চে নিয়ে আসছে নূনা আফরোজের রচনা ও নির্দেশনায় ‘আমি ও রবীন্দ্রনাথ’ এবং ১ এপ্রিল অনন্ত হিরার রচনা ও আউয়াল রেজার নির্দেশনায় ‘কনডেমড সেল’।
 
ইত্তেফাক/এমএআর