ফরিদপুরে পেঁয়াজের বাম্পার ফলন

 
চলতি মৌসুমে পেঁয়াজের উত্পাদন লক্ষ্যমাত্রা অতিক্রম করায় জেলার কৃষকদের মুখে হাসি ফুটেছে। জেলার ২৯ হাজার ৫শ’ হেক্টর জমিতে পেঁয়াজের আবাদ করা হয়েছে। শুরুতে ২৭ হাজার ৯১৯ হেক্টর জমি পেঁয়াজ চাষের জন্য লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল।
 
কৃষি সম্প্রসারণ অধিদফতর (ডিএই) সূত্র জানায়, লক্ষ্যমাত্রা অতিক্রম করায় এ বছর প্রত্যাশার চেয়ে ১০ হাজার টন অধিক পেঁয়াজ উত্পাদন হবে।
 
এর মধ্যে সদর উপজেলার ৪ হাজার ৭৬ হেক্টর জমি, চরভদ্রাসনের ১ হাজার ১৫০ হেক্টর, নগরকান্দার ৪ হাজার ৬৮০ হেক্টর ও সালথার ৮ হাজার ৯৮০ হেক্টর জমি পেঁয়াজ চাষের আওতায় আনা হয়েছে।  এছাড়া সদরপুর উপজেলার ১ হাজার ৩৩৩ হেক্টর, ভাঙ্গার ২ হাজার হেক্টর ও মধুখালি উপজেলার ২ হাজার ৬শ’ হেক্টর জমিতে এবং বোয়ালমারীর ৪ হাজার ১২০ হেক্টর ও আলফাডাঙ্গা উপজেলার ৫৬১ হেক্টর জমিতে পেঁয়াজ চাষ করা হয়েছে।
 
সূত্র জানায়, উত্পাদন লক্ষ্যমাত্রা ২ লাখ ৯৫ হাজার ৯৪১ টন নির্ধারিত করা হয়েছিল। তবে উত্পাদন দাঁড়াবে ৩ লাখ ৪ হাজার ৪৩৭ টনে। ডিএই সূত্র জানায়, চলতি মৌসুমে কৃষকরা উন্নত জাতের বীজ ব্যবহার করেছেন এবং তারা সার, সেচ ও অনুকূল আবহাওয়া পরিস্থিতিসহ অন্যান্য কৃষি উপকরণ পেয়েছেন, যা উত্পাদন বৃদ্ধিতে সহায়তা করেছে। খবর বাসসের।

ইত্তেফাক/এএম।