বিশ্ব ক্রিকেটের অন্যতম পরাশক্তি ভারতের অধিনায়ক বিরাট কোহলি মনে করছেন, ভারতের মাটিতে বাংলাদেশ ও ভারতের মধ্যকার প্রথম টেস্ট একটি ঐতিহাসিক মুহূর্তের জন্ম দিতে যাচ্ছে। যদিও এর আগে বাংলাদেশ ভারতের সঙ্গে নিজেদের মাটিতে আটটি টেস্ট খেলেছে।
‘হায়দ্রাবাদে শুরু হতে যাওয়া বৃহস্পতিবারের টেস্ট ম্যাচটি দর্শকের সামনে দুই দেশের পরীক্ষা। এছাড়া ঐতিহাসিকভাবেও খুব গুরুত্বপূর্ণ’ দেশটির সংবাদমাধ্যমের সঙ্গে আলাপকালে একথা বলেন বিরাট কোহলি।
কোহলি মনে করেন, এটা বাংলাদেশকে ভারতের মাটিতে আরো বেশি বেশি খেলার সুযোগ করে দেবে।
তবে বাংলাদেশ অধিনায়ক মুশফিকের কাছে কোহলির এই ঐতিহাসিক সত্যতার চেয়েও নিজেদের প্রমাণ করাটাই প্রাধান্য পাচ্ছে বেশি। তিনি
বলেন, ‘আমি কিছুটা বিস্মিত এবং বিশ্বাস করছি না যে এটা ঐতিহাসিক ম্যাচ।’
দেশ ছাড়ার আগে এমনটিই বলে গেছেন মুশফিকুর রহিম। প্রমাণ হিসেবে তিনি বলেছেন, ‘যেমন ধরুন, জিম্বাবুয়ের সঙ্গে খেলা আমাদের জন্য খুব চাপের, কারণ হেরে গেলে এর চেয়ে লজ্জার আর কিছু হতে পারেনা।’
তারপরও আশাবাদী মুশফিক। তিনি বলেন, ‘যাই হোক আমরা এখন ভারতের মাটিতে খেলার সুযোগ পেয়েছি, পাঁচ বছর আগেও এমন সুযোগ পাইনি। বিশ্ব ক্রিকেট নির্বাচকদের আমরা দেখিয়ে দিতে চাই এবং এই টেস্টের মাধ্যমেই তার প্রমাণ দেবো।’
তিনি আরো বলেন, ‘আমাদের এখন লক্ষ্য একটাই, ভারতের সঙ্গে এমন প্রতিযোগিতায় মেতে ওঠা, যার ফলে তারা বারবার আমাদের আমন্ত্রণ জানায়।’
ইত্তেফাক/সেতু