তাদের ইচ্ছা দৃষ্টি প্রতিবন্ধীদের সহযোগিতা করা

শ্রুতিলেখকের সহায়তায় পাবনা সেন্ট্রাল গার্লস স্কুল ও আর এম একাডেমি পরীক্ষাকেন্দ্র থেকে এবার এসএসসি পরীক্ষা দিচ্ছে সাত দৃষ্টি প্রতিবন্ধী।
 
চাঁপাইনবাবগঞ্জ জেলার গাজিপাড়া গ্রামের মো. আনোয়ারুল ইসলাম, হরিপুর গ্রামের মো. আব্দুল মতিন তুষার, চাঁপাইনবাবগঞ্জ কাজিপাড়ার মো. আব্দুর ছবুর, কিশোরগঞ্জ জেলার মোঙ্গলবাড়িয়া গ্রামের মো. নাদিম হোসেন, পাবনা ফরিদপুর উপজেলার মো. হারুনুর রশিদ, পাবনা সদর উপজেলার মহেন্দ্রপুর গ্রামের মো. কাওছার হোসেন ও ভাঙ্গুড়া উপজেলার মো. শিবলী নোমান মুরাদ পাবনার মানবকল্যাণ ট্রাস্টের আশ্রয়ে থেকে এসএসসি পরীক্ষা দিচ্ছে। তাদের ইচ্ছা ভবিষ্যতে শিক্ষার আলোয় আলোকিত হয়ে দেশের দৃষ্টি প্রতিবন্ধীদের সাহায্য করবে।
 
অন্ধদের লেখাপড়ার জন্য প্রয়োজন ব্রেইল পদ্ধতি। অথচ দেশের অধিকাংশ শিক্ষা প্রতিষ্ঠানে এ সুযোগ নেই। পরীক্ষার জন্য প্রয়োজন শ্রুতি লেখকের।  দরিদ্র এসব অন্ধদের শ্রুতি লেখক সম্মানী তো দূরের কথা লেখা পড়ার করার ন্যূনতম আর্থিক ব্যয় নির্বাহ করারও সক্ষমতা  নেই। তার পরেও থেমে থাকেনি এদের সংগ্রাম।
 
এ সাত পরীক্ষার্থীর মত আরো বেশ কজন  দৃষ্টি প্রতিবন্ধী পাবনার মানবকল্যাণ ট্রাস্টের আশ্রয়ে থেকে ব্রেইল পদ্ধতিতে লেখা পড়া করছেন। এ প্রতিষ্ঠান থেকে ছয়জন নবম শ্রেণিতে, ১০ম শ্রেণিতে সাতজন, একাদশে পাঁচজন, দুইজন এমএসহ বিভিন্ন শ্রেণিতে পড়াশুনা করছেন।
 
পাবনা মানবকল্যাণ ট্রাস্টের চেয়ারম্যান  অধ্যাপক আবুল হোসেন  জানান, এ প্রতিষ্ঠানকে সরকারি পৃষ্টপোষকতা দেয়া হলে সারা দেশের দৃষ্টি প্রতিবন্ধীদের সেরা শিক্ষালয় হিসেবে গড়ে তোলা সম্ভব হবে।
 
ইত্তেফাক/উজ্জল