গাজীপুরের কালিয়াকৈর উপজেলার শিমুলতলী ও বড়ইতলী এলাকায় বুধবার অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করেছে তিতাস গ্যাস ট্রান্সমিশন এন্ড ডিস্ট্রিবিউশন কর্তৃপক্ষ।
এ সময় এক হাজার লাইন বিচ্ছিন্ন এবং ১৫ শত ফুট পাইপ জব্দ করা হয়।
তিতাস কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে, কালিয়াকৈর উপজেলার শিমুলতলী ও বড়ইতলী গ্রামবাসীরা দীর্ঘদিন ধরে অবৈধভাবে সংযোগ দিয়ে গ্যাস ব্যবহার করে আসছে। বিষয়টি তিতাস গ্যাস ট্রান্সমিশন এন্ড ডিস্ট্রিবিউশন কর্তৃপক্ষের নজরে আসলে বুধবার ওই দুই গ্রামে অভিযান চালায়। এ সময় উপজেলার শিমুলতলী ও বড়ইতলী গ্রামের সহস্রাধিক অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন ও ১৫ শত ফুট পাইপ জব্দ করা হয়।
অভিযানের নেতৃত্ব দেন তিতাস গ্যাস ট্রান্সমিশন এন্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড চন্দ্রা জোনাল অফিসের ব্যবস্থাপক মো. সুরুয আলম। এ সময় উপস্থিত ছিলেন সহকারী ব্যবস্থাপক মো. আমজাদ হোসেন ও সহকারী কর্মকর্তা আব্দুর রাজ্জাক।
ইত্তেফাক/ইউবি