বগুড়ার গাবতলী উপজেলায় প্রায় দেড় শ বছরের ঐতিহ্যবাহী পোড়াদহ মেলায় ৮০ কেজি ওজনের একটি বাঘাইড় মাছ এক লাখ টাকা বিক্রি হয়েছে।
বুধবার এ মেলা বসে। বৃহস্পতিবার দ্বিতীয় দিন সেখানে বসবে ‘বৌ মেলা’। এ মেলায় প্রবেশাধিকার শুধু মেয়েদের। মেলায় ক্রেতা বিক্রেতা থাকবেন এলাকার বৌঝিরা। শুধুই নারীদের জন্য এই বিশেষ মেলার আয়োজন করাটা গত প্রায় ২৭ বছর ধরে রেওয়াজে পরিণত হয়েছে।
এ মেলায় পার্শ্ববর্তী ২০ গ্রামের লোকজনের সমাগম ঘটে।
মেলায় প্রসাধনী সামগ্রী, হরেক রকমের খাবারের দোকান এবং শিশুদের জন্য বিভিন্ন ধরনের খেলার সামগ্রীর পসরা বসে। তবে এ মেলার মূল আকর্ষণ বিভিন্ন প্রজাতির বিশাল আকৃতির মাছ। বিশেষ করে বিশাল বিশাল বাঘাইড়, কাতল, রুইসহ নানা প্রজাতির মাছ কেনার জন্যই মানুষ মেলায় আসে। অনেকে এই মেলাকে বলেন মাছের মেলা। প্রতিবছর এ মেলায় বিক্রি হয় কয়েক কোটি টাকার মাছ।
জেলা পুলিশ পরিদর্শক একরামুল হোসেন বলেন, ‘ঐতিহ্যবাহী এ মেলায় নিরপত্তায় কঠোর নজরদারি রয়েছে।’
ইত্তেফাক/সালেহ্