দলের শাসন প্রতিষ্ঠা করা হচ্ছে: ফখরুল

 
বর্তমান শাসকগোষ্ঠী আইনের শাসনের পরিবর্তে দেশে দলীয় শাসন প্রতিষ্ঠা করতে চলেছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
 
মানুষের বাক-ব্যক্তি স্বাধীনতা হরণ করা হচ্ছে বলে অভিযোগ করে তিনি বলেন, দেশের অবনতিশীল রাজনৈতিক প্রেক্ষাপট ও দুঃশাসনের বিরুদ্ধে মুখ খুললেই শাসকগোষ্ঠী বিরোধী দলীয় নেতাকর্মীদের বিরুদ্ধে ভিত্তিহীন ও রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত মিথ্যা মামলা দায়ের করে সাজা দিচ্ছে। এ ধরনের নৈরাজ্যকর অবস্থা থেকে পরিত্রাণ পেতে দেশের মানুষের ঐক্যবদ্ধ হওয়া ছাড়া কোনো বিকল্প নেই বলেও মন্তব্য করেন বিএনপির মহাসচিব।
 
বুধবার এক বিবৃতিতে মির্জা ফখরুল বলেন, ঠাকুরগাঁও জেলা ছাত্রদল নেতা মো. হুসেন, মো. আরিফ এবং মো. জাহিদকে মিথ্যা, বানোয়াট ও রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত মামলায় আদালত কর্তৃক তিন বছর করে কারাদণ্ড প্রদানের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করছি। দেশের বিরোধী রাজনৈতিক দলগুলোকে নিশ্চিহ্ন করে দেয়ার অপচেষ্টার ধারাবাহিকতায় ঠাকুরগাঁও জেলা ছাত্রদলের তিনজন নেতাকে দ্রুত বিচার আইনে মিথ্যা মামলায় সাজা দেয়া হচ্ছে। এতে আবারো প্রমাণ হলো বর্তমান শাসকগোষ্ঠী আদালতের ঘাড়ে বন্দুক রেখে মানুষের ন্যায্য বিচার পাওয়ার শেষ ভরসাস্থলকে কলুষিত করছে।
 
তিনি বলেন, আমি ঠাকুরগাঁওয়ের তিনজন ছাত্রদল নেতাকে সাজা দেয়ার ঘটনায় বিস্মিত হয়েছি এবং গভীর উদ্বেগ প্রকাশ করছি।
 
ইত্তেফাক/কাউছার