কুমিল্লা রেলওয়ে স্টেশনের আশপাশ এলাকায় অভিযান চালিয়ে রেলওয়ের ভূমি থেকে শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে।
বুধবার কুমিল্লা রেলওয়ে স্টেশন এলাকার শাসনগাছা রেল লাইনের দুই পাশে গড়ে উঠা অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়। চট্টগ্রাম বিভাগীয় ভূ-সম্পত্তি দফতরের নির্দেশ অনুযায়ী এ উচ্ছেদ অভিযান পরিচালিত হয়।
চট্টগ্রাম বিভাগীয় ভূ-সম্পত্তি কর্মকর্তা ইশরাত রেজা জানান, অবৈধ স্থাপনা অপসারণ করে নেয়ার জন্য বারবার নোটিশ দেয়া হয়েছিল। এছাড়া গত বছরের নভেম্বরে এসব স্থাপনা অপসারণের জন্য শেষবারের মতো নোটিশ প্রদানসহ মাইকে প্রচারণা করা হয়। ওই নোটিশে তাদের ৭দিন সময় দেয়া হলেও তারা তাদের স্থাপনা সরিয়ে নেয়নি। বুধবার কুমিল্লা জেলা পুলিশের সহযোগিতায় রেল লাইনের দুই পাশে ও রেলওয়ে স্টেশন এলাকায় দীর্ঘদিনের অবৈধ স্থাপনাগুলোতে উচ্ছেদ অভিযান চালানো হয়েছে। উচ্ছেদ অভিযানের সময় উপস্থিত ছিলেন কুমিল্লা সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. জামিরুল ইসলাম, কুমিল্লা রেলওয়ের প্রকৌশলী শাহাদাত হোসেন, সহকারী প্রকৌশলী মোস্তাফিজুর রহমান, কুমিল্লা রেলওয়ে স্টেশন মাস্টার সফিকুর রহমান প্রমুখ।
ইত্তেফাক/উজ্জল