রাজধানীতে পৃথক ঘটনায় ২ শ্রমিকের মৃত্যু

 
রাজধানীর মোহাম্মদপুরে নির্মাণাধীন বহুতল ভবন থেকে পড়ে আল আমিন হোসেন (৩০) নামে এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে। অন্যদিকে, কদমতলীতে সড়ক দুর্ঘটনায় মারা গেছে শাহিন শেখ (৪৫) নামে আরেক শ্রমিক। উভয়ের মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠানো হয়েছে।
 
হাসপাতাল সূত্র জানায়, বুধবার বিকাল ৩টার দিকে মোহাম্মদপুরের রায়েরবাজারে ৩২/১০/ক নম্বর প্লেটে গ্রেস প্রোপার্টি নামে একটি প্রতিষ্ঠানের নির্মাণাধীন ভবনের ১১ তলা থেকে পড়ে যান আল আমিন। তাকে গুরুতর আহত অবস্থায় ঢামেক হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। তার গ্রামের বাড়ি বরিশালের গৌরনদীতে। তিনি রড মিস্ত্রীর কাজের শ্রমিক ছিলেন। 
 
এদিকে বুধবার দুপুর একটার দিকে কদমতলী ম্যাচ ফ্যাক্টরি এলাকায় রাস্তা পারাপারের সময় অজ্ঞাত বাসের ধাক্কায় গুরুতর আহত হন শাহিন শেখ। গুরুতর আহত অবস্থায় মাহমুদুল নামে এক ব্যাক্তি তাকে ঢামেক হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকেও মৃত ঘোষণা করেন। তিনি স্থানীয় একটি কারখানার শ্রমিক ছিলেন। তার গ্রামের বাড়ি নারায়নগঞ্জের ফতুল্লার রসুলপুরে। বাবার নাম মো. ইব্রাহিম।
 
ইত্তেফাক/কাউছার