স্পোর্টস রিপোর্টার
প্রতিবছরের ন্যায় এবারও শুরু হতে যাচ্ছে বিসিবির হাই পারফরম্যান্স (এইচপি) ক্যাম্প। ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগ শেষে আগামী ১৮ মে শুরু হবে এইচপির কার্যক্রম। গেল বছরগুলোর তুলনায় এবার একটু পার্থক্য থাকছে এইচপি ক্যাম্পে। এই বছর বয়সসীমা নির্ধারণ করে দিচ্ছে বিসিবি। অনূর্ধ্ব-২৩ ক্রিকেটাররাই শুধু বিশেষায়িত এই ক্যাম্পে সুযোগ পাবেন।
গতকাল মিরপুর স্টেডিয়ামে এসব তথ্য জানিয়েছেন এইচপির চেয়ারম্যান নাঈমুর রহমান দুর্জয়। প্রাথমিক মিটিং শেষে তিনি আরো বলেছেন, অতীতে দুই-একজন অভিজ্ঞ ক্রিকেটারকে সুযোগ দেয়া হয়েছিল। এবার সেটি আর হচ্ছে না। তবে আগের মতোই ২৪-২৫ ক্রিকেটারকে ডাকা হবে ক্যাম্পে। মূলত স্থানীয় কোচরাই ক্যাম্প পরিচালনা করবেন। হেড কোচ হিসেবে থাকছেন সিমন হেলমুটই। অবশ্য তার আসার উপর অনেক কিছু নির্ভর করছে। এবছর শ্রীলঙ্কা সফরের আশাও করছেন দুর্জয়।
এইচপি শুরুর দিনক্ষণ নিয়ে দুর্জয় বলেছেন, ‘প্রিমিয়ার লিগের জন্য এখন করা সম্ভব না। প্রিমিয়ার লিগ শেষ হলে প্লেয়ারদেরকে একটা রেস্ট অ্যান্ড রিকভারির বিরতির পর আমরা মে’র ১৮ তারিখ থেকে শুরু করার প্ল্যান করছি।’
স্কোয়াডে সুযোগ পাবেন ২৪-২৫ জন ক্রিকেটার। যাতে অনুশীলনের সময়ও দুটি দলে ভাগ করা যায়। শুরুতে স্থানীয় কোচরাই দায়িত্বে থাকবেন এইচপির। জাতীয় দলের সাবেক অধিনায়ক দুর্জয় বলেন, ‘সাপোর্ট স্টাফ তো আমাদের লোকাল যারা আছে, তাদের মধ্যে অ্যাভেলেভেল যারা আছেন তারা থাকবেন।’
এইচপির সূচি জানানো হয়েছে হেড কোচ হেলমুটকে। তিনি আসলে তাকে দিয়ে চালানো হবে পুরো কার্যক্রম। বিসিবির এই পরিচালক বলেন, ‘হেড কোচের ব্যাপার, তাকে প্রোগ্রাম জানানো হয়েছে। তার প্রাপ্যতা আমরা দেখছি। তার প্রাপ্যতা জানলে পরে আমরা তার ব্যাপারে বলতে পারব।’
পার্শ্ববর্তী দেশ ভারতেও এইচপি কার্যক্রম সারাবছর জুড়ে হয়। যেটা বাংলাদেশে হয় মাত্র দুই মাস। ভিন্নতা আনতে এবার বয়সসীমা বেঁধে দেয়ার সিদ্ধান্ত নেয়া হয়েছে। দুর্জয় বলেছেন, ‘এবার আমরা বয়সসীমা দিয়ে এইচপিকে এইচপির মত করে পরিচালনা করব। আমরা বয়সের কথা চিন্তা করেছি, ২৩ যেহেতু ইমার্জিং কাপের মতো একটা টুর্নামেন্ট হয়, সেটাকে বিবেচনা করে অনূর্ধ্ব-২৩’র মতো করে আমরা সাজাচ্ছি।’
গতবছর দেশের বাইরে কোনো সফর করা হয়নি এইচপির। এবার শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড রাজি হয়েছে দ্বিপাক্ষিক সিরিজ খেলতে। গতকাল দুর্জয় বলেছেন, ‘আমাদের একটা সমস্যা ছিল গতবার। এইচপিকে কেউ সফর দিচ্ছিল না, অথবা ‘এ’ টিমের সঙ্গে মিল ছিল না। এবার যেহেতু দুইটা জায়গাতেই আমাদের সমস্যা সমাধান হয়েছে, যেমন- শ্রীলঙ্কা সফর করতে রাজি হয়েছে। গতবার যেটা রাজি হচ্ছিল না বা ওদের ফিনান্সিয়াল কিছু সংকটের কথা বলেছে।’
এইচপির সঙ্গে ‘এ’ দলকে মেলানো হবে না এই বছর। ‘এ’ দলের কার্যক্রম আলাদাভাবে চলবে। ‘এ’ দলের জন্য খেলোয়াড় প্রয়োজন হলে এইচপি থেকে নিতে পারবে।