সম্পূর্ণ অন লাইন ভিত্তিক নতুন ভ্যাট আইন ২০১৭ সালের জুলাই থেকে বাস্তবায়ন করা হবে বলে জানিয়েছেন জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান মো. নজিবুর রহমান।
তিনি বলেন, এ আইন বাস্তবায়ন হলে ব্যবসায়ী ও ভোক্তাদের স্বার্থ সংরক্ষণের পাশাপাশি মূল্য সংযোজন কর (মূসক) থেকে রাজস্ব আদায় কয়েকগুণ বেড়ে যাবে। এতে প্রথম বছরই মোট কর জিডিপি এক দশমিক পাঁচ শতাংশ বাড়বে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।
বুধবার রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউটে (আইডিইবি) অর্থনৈতিক সংবাদাতাদের সংগঠন ইকোনমিক রিপোর্টার্স ফোরামের (ইআরএফ) সদস্যদের জন্য আয়োজিত ‘মূসক ও সম্পূরক শুল্ক আইন-২০১২’ প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
নজিবুর রহমান বলেন, ‘দেশের উন্নয়নে রাজস্ব আহরণ প্রবৃদ্ধির কোনো বিকল্প নেই। মানুষকে সচেতন করা ও উদ্বুদ্ধ করার মাধ্যমেই রাজস্ব আহরণ বাড়ানো যায়। ১৯৯১ সালের ভ্যাট আইনটি বেশ জটিল হওয়ায় তা বর্তমান প্রেক্ষাপটের সঙ্গে মানান সই ছিল না।’
তিনি আরো বলেন, ‘ব্যবসায়ী-আইনজীবী ও সাংবাদিকসহ সব অংশীজনের সঙ্গে আলোচনা করেই নতুন ভ্যাট আইন বাস্তবায়ন করা হবে।’
অন্যান্যের মধ্যে এনবিআর সদস্য (মূসক ও শুল্ক প্রশাসন) এবং ভ্যাট অনলাইন প্রকল্প পরিচালক রেজাউল হাসান, ভ্যাট অনলাইন প্রকল্পের উপ-পরিচালক মো. জাকির হোসেন, ইআরএফ সভাপতি সাইফুল ইসলাম দিলাল ও সাধারণ সম্পাদক জিয়াউর রহমান বক্তব্য রাখেন। বাসস
ইত্তেফাক/সালেহ্