টাম্পাকো দুর্ঘটনা : হতাহতদের বৃহস্পতিবার আর্থিক সহায়তা

টাম্পাকো কয়েলস কারখানায় অগ্নিকান্ডে হতাহত শ্রমিকদের আর্থিক সহায়তা দেয়া হবে আগামীকাল বৃহস্পতিবার। 
 
শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ এ কথা বলা হয়।
 
শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী মোঃ মুজিবুল হক মন্ত্রণালয়ের শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনের তহবিল হতে হতাহত শ্রমিক পরিবারের সদস্যদের হাতে আর্থিক সহায়তার চেক হস্তান্তর করবেন। 
 
বৃহস্পতিবার সকাল ১০ টার দিকে গাজীপুর টঙ্গী কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের উপ-মহাপরিদর্শকের কার্যালয় প্রাঙ্গনে অগ্নিকান্ডে নিহত ৩২ জনের পরিবারের সদস্যদের ২ লাখ করে এবং আহত ৪০ জনের মধ্যে ৩০ জনের পরিবারের সদস্যদের ৫০ হাজার করে এবং অপর আহত ৯ জনের পরিবারের সদস্যদের ৩৫ হাজার টাকার চেক প্রদান করা হবে। 
 
হতাহত ৭২ জন শ্রমিকের পরিবারের সদস্যদের মোট ৮২ লাখ টাকার বেশি প্রদান করা হবে বলে মন্ত্রনালয় সূত্রে জানা যায়।
 
উল্লেখ্য, কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের মাধ্যমে একজন আহত শ্রমিককে ৫০ হাজার এবং ৯ জন শ্রমিকের চিকিৎসা বাবদ ১৫ হাজার করে আর্থিক সহায়তা ইতোমধ্যে প্রদান করা হয়।
গত বছরের ১০ সেপ্টেম্বর টঙ্গীতে টাম্পাকো কয়েলস লিঃ কারখানায় অগ্নি দুর্ঘটনায় কর্মরত অবস্থায় ৩২ জন শ্রমিক নিহত এবং ৪০ জন আহত হয়।
 
ইত্তেফাক/রেজা