স্পোর্টস রিপোর্টার
পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) আগেই বলে রেখেছিল, সিরিজটা হবে পরীক্ষা-নিরীক্ষার মঞ্চ। কে জানত, সেই মঞ্চে এমন করুণভাবে বিধ্বস্ত হবে পাকিস্তান দল! প্রথম চারটি ওয়ানডের সবগুলোতেই হেরেছে পাকিস্তান।
এর মধ্যে চতুর্থটিতে গত শুক্রবার রাতে দলটি হারল রীতিমত রেকর্ড গড়েই। কারণ, জোড়া সেঞ্চুরির পরও দল হেরেছে, এমন নজির ওয়ানডে ক্রিকেটের ইতিহাসে আর নেই। পাকিস্তানকে ছয় রানে হারিয়ে ৪-০ ব্যবধানে এগিয়ে গেছে সফরকারী অস্ট্রেলিয়া। আজ একই মাঠে সিরিজের শেষ ও পঞ্চম ম্যাচে মুখোমুখি হবে দল দুটি।
আগে ব্যাটিং করে গ্লেন ম্যাক্সওয়েলের ৯৮, উসমান খাজার ৬২ এবং এ্যালেক্স ক্যারির ৫৫ রানের সুবাদে নির্ধারিত ৫০ ওভারে ৭ উইকেট হারিয়ে ২৭৭ রান সংগ্রহ করে অস্ট্রেলিয়া। ২৭৮ রানের লক্ষ্যে খেলতে নেমে অভিষেক হওয়া আবিদ আলীর ১১২ এবং রিজওয়ানের ১০৪ রানের সুবাদে জয়ের দ্বারপ্রান্তে পৌঁছে যায় পাকিস্তান। কিন্তু মার্কাস স্টোয়িনিসের করা শেষ ওভার থেকে ১৭ রান নিতে ব্যর্থ হওয়ায় বৃথা যায় জোড়া সেঞ্চুরি।
যদিও, এমন একটা ম্যাচ হারের পরও পাকিস্তান দল ইতিবাচকতা খুঁজছে জোড়া সেঞ্চুরি থেকেই। অধিনায়কের দায়িত্ব পাওয়া ইমাদ ওয়াসিম বলেন, ‘জোড়া সেঞ্চুরি আমাদের জন্য ইতিবাচক। বিশ্বকাপের আগে এটা আমাদের তরুণদের নিয়ে আশাবাদীই করছে। তবে ম্যাচটি আমাদের জেতা উচিত ছিল। আমাদের পাওয়ার হিটার এবং ফিনিশারের অভাব রয়েছে। এখানেই আসলে আমরা ম্যাচটি থেকে ছিটকে গেছি।’
পাকিস্তান যেটা নিয়ে আক্ষেপ করছে, ঠিক সেটা নিয়েই উচ্ছ্বসিত অস্ট্রেলিয়া। অধিনায়ক অ্যারন ফিঞ্চ বলেন, ‘ আবিদ এবং রিজওয়ানের অসাধারণ সেঞ্চুরির পরও আমরা জিতেছি। এখানে দলের ছেলেদের কৃতিত্ব দিতেই হবে।’ এদিকে পিসিবি’র নির্বাচকদের চলমান এই অতিরিক্ত পরীক্ষা-নিরীক্ষাকে ধুয়ে দিয়েছেন দেশটির সাবেক পেসার সরফরাজ নেওয়াজ। তিনি পাকিস্তানের শীর্ষস্থানীয় গণমাধ্যম দ্য ডনকে বলেন, ‘জয়-পরাজয় ব্যাপার না, অস্ট্রেলিয়ার বিপক্ষে অন্তত সেরা দলটাই খেলবে পাকিস্তানের- এতটুকু আশা করাটা আসলে বড় কোনো চাওয়া নয়। বিশ্বকাপের মাত্র দুই মাস আগে দলের শীর্ষ ক্রিকেটারদের বিশ্রামে রাখা কোনো কাজের কথা নয়। পাকিস্তান সুপার লিগে (পিএসএল) এমন কোনো খেলা হয় না, যার জন্য ক্রিকেটাররা ক্লান্ত হয়ে যাবে। পিএসএল একটা মামুলি ব্যাপার। এর জন্য পিসিবির বিশ্রাম দেওয়ার লজিকটা সম্পূর্ণ বাস্তবতা বিরোধী।’