৫ দিনব্যাপী ‘তির্যক’ সাংস্কৃতিক উত্সব

 
একুশে ফেব্রুয়ারি উপলক্ষে আগামী ১৭ থেকে ২১ ফেব্রুয়ারি চট্টগ্রাম থিয়েটার ইনস্টিটিউট মিলনায়তনে ৫ দিনব্যাপী বর্ণাঢ্য অনুষ্ঠান সাজিয়েছে দেশের অন্যতম সাংস্কৃতিক সংগঠন ‘তির্যক’। 
 
এই আয়োজনে রয়েছে প্রতিদিন বিকেল ৩টা ৩০ মিনিট থেকে রাত ৮টা ৩০ মিনিট পর্যন্ত টিআইসি গ্যালারিতে তির্যক-এর নাট্য স্মারক প্রদর্শনী। বিকেল ৪টা ৩০ মিনিটে টিআইসি লেকচার থিয়েটারে নাট্য সংলাপ, বিষয়ভিত্তিক আলোচনা, লেকচার ওয়ার্কশপ, মুক্তিযুদ্ধের প্রামাণ্যচিত্র ও চলচ্চিত্র প্রদর্শনী। 
 
বিকেল ৫টা ৩০ মিনিটে মুক্তমঞ্চে থাকবে আবৃত্তি, নৃত্য, সঙ্গীতানুষ্ঠান, প্রীতি-বিতর্ক ও একুশের কথামালা। এছাড়া প্রতিদিন সন্ধ্যা ৭টায় টিআইসি মূলমঞ্চে মঞ্চনাটক ও যাত্রাপালা পরিবেশিত হবে। ৫ দিনব্যাপী আয়োজনের উদ্বোধন করবেন পশ্চিমবঙ্গ নাট্য একাডেমির সভাপতি নাট্যব্যক্তিত্ব মনোজ মিত্র। 
 
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন নাট্যব্যক্তিত্ব মামুনুর রশীদ। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন বিশিষ্ট সমাজ বিজ্ঞানী ড. অনুপম সেন।
 
ইত্তেফাক/ আনিসুর সুমন