রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) প্লট বরাদ্দে অনিয়মের মামলায় প্রতিষ্ঠানটির সাবেক চেয়ারম্যান ইকবাল উদ্দিন চৌধুরী ও পারটেক্স গ্রুপের পরিচালক শওকত আজিজকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছে আদালত।
বৃহস্পতিবার ঢাকার মহানগর হাকিম সত্যব্রত শিকদার এ আদেশ দেন। ইকবাল উদ্দিন চৌধুরী জামিন আবেদন করলে তা নাকচ করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেয় আদালত। শওকত আজিজকে সাত দিন রিমান্ডে চেয়ে আবেদন করেছিল দুদক। তার আইনজীবীরা রিমান্ড বাতিল চেয়ে জামিন চান। আদালত জামিন আবেদন নাকচ করে তাঁকে কারাফটকে জিজ্ঞাসাবাদের নির্দেশ দেন।
এর আগে বৃহস্পতিবার ভোরে ইকবাল উদ্দিন চৌধুরী ও শওকত আজিজকে রাজধানী থেকে গ্রেফতার করে দুদকের একটি দল। প্লট বরাদ্দে অনিয়মের অভিযোগে মতিঝিল থানায় দায়ের করা মামলায় তাদের গ্রেফতার করা হয়।
মামলায় বলা হয়, ক্ষমতার অপব্যবহার করে ও অবৈধ প্রভাব খাঁটিয়ে রাজউকের তত্কালীন চেয়ারম্যান ইকবাল উদ্দিন চৌধুরী দুই ভাই শওকত আজিজ ও রুবেল আজিজের নামে ২০ কাঠা জমি বরাদ্দ করেন।
ইত্তেফাক/আনিস মণ্ডল