ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক বলেছেন, সত্য অনুসন্ধান ও প্রকাশের লক্ষ্যে এই বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করা হয়েছে।
বৃহস্পতিবার আরসি মজুমদার আর্টস মিলনায়তনে ঢাকা বিশ্ববিদ্যালয় বাংলা বিভাগ আয়োজিত ‘ডক্টর মুহম্মদ শহীদুল্লাহ স্মারক বক্তৃতা’ অনুষ্ঠান উদ্বোধনকালে তিনি এ কথা বলেন। সংস্কৃতি মন্ত্রণালয়ের আর্থিক সহযোগিতায় এই স্মারক বক্তৃতার আয়োজন করা হয়।
তিনি বলেন, শিক্ষার্থীদের সত্যকে ধারণ করতে হবে এবং সমাজে সত্য প্রতিষ্ঠার জন্য অব্যাহত প্রচেষ্টা চালিয়ে যেতে হবে।
ঢাবির বাংলা বিভাগের চেয়ারপারসন অধ্যাপক ড. বেগম আকতার কামালের সভাপতিত্বে এ অনুষ্ঠানে ইউজিসি অধ্যাপক ড. গালিব আহসান খান, রাজশাহী বিশ্ববিদ্যালয় অর্থনীতি বিভাগের অবসরপ্রাপ্ত অধ্যাপক সনত্কুমার সাহা এবং বিশিষ্ট লেখক আহমদ রফিক স্মারক বক্তৃতা প্রদান করেন। স্বাগত বক্তব্য দেন ঢাকা বিশ্ববিদ্যালয় বাংলা বিভাগের অধ্যাপক ড. সৈয়দ আজিজুল হক।
উপাচার্য বলেন, প্রথিতযশা পণ্ডিত ড. মুহম্মদ শহীদুল্লাহ নিজেকে শুধু পাঠ্য বইয়ের মধ্যে সীমাবদ্ধ রাখেননি। সমাজে সত্য প্রতিষ্ঠার জন্য তিনি কাজ করে গেছেন। সমকালীন সমাজ নিয়ে তিনি শ্রেণি কক্ষে আলোচনা করতেন।
ইত্তেফাক/এএম।