বিরোধিতা করা বিএনপির অভ্যাস: নাসিম

 
আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য এবং স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, সব কিছুতে বিরোধিতা করাই বিএনপির অভ্যাস। নির্বাচন কমিশনের ওপর চাপ সৃষ্টি করতেই, নবগঠিত কমিশন নিয়ে বিএনপি নানা সমালোচনা করছে।
 
বৃহষ্পতিবার রাজধানীর খামাড়বাড়িস্থ কৃষিবিদ ইনস্টিটিউট মিলনায়তনে বাংলাদেশ চক্ষু চিকিত্সক সমিতির ৪৪তম সম্মেলন উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
 
মোহাম্মদ নাসিম বলেন, ‘নির্বাচন কমিশনে যাদের দেয়া হয়েছে তারা দক্ষ এবং অভিজ্ঞ সম্পন্ন ব্যক্তি। তারা কোনো রাজনৈতিক দলের সাথে জড়িত ছিলেন না। তারা সবাই আমলা। তারা যা করবে আইন মেনেই করবে। এ বিষয়ে বিএনপি অহেতুক কথা বলছে।’
 
সমিতির সভাপতি অধ্যাপক ডা. শারফুদ্দিন আহমেদের সভাপতিত্বে সভায় প্রধানমন্ত্রীর সাবেক উপদেষ্টা ডা. মোদাচ্ছের আলী, বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের সভাপতি ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন, স্বাস্থ্য অধিদফতরের সাবেক মহাপরিচালক অধ্যাপক ডা. দীন মো. নুরুল হক, বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের মহাসচিব ডা. এহতেশামুল হক চৌধুরী প্রমুখ বক্তব্য রাখেন।
 
নাসিম বলেন, নবগঠিত নির্বাচন কমিশন সবাই ইতিবাচক ভাবে গ্রহণ করেছে। এখন বিএনপির কোথায় অসুবিধা হলো? তারা তো এখনও কোন কাজই শুরু করেনি। বিএনপির অভ্যাস সবকিছুতেই বিরোধীতার জন্যই বিরোধীতা করা। আসলে তারা চাপ সৃষ্টি করতে চায়। ভিত্তিহীন অপপ্রচারের মধ্যদিয়ে বিএনপি নতুন কৌশল অবলম্বনের চেষ্টা করছে। খবর বাসসের।
 

ইত্তেফাক/আনিস মণ্ডল