মিয়ানমার সেনাবাহিনীর বর্বরতা ও লোমহর্ষক পাশবিক নির্যাতনের বর্ণনা শুনলেন তিন দেশের রাষ্ট্রদূত। বৃহস্পতিবার সকাল ১০টার দিকে তিন দেশের রাষ্ট্রদূত রোহিঙ্গা বস্তিতে যান। সেখানে তাদের থাকা-খাওয়াসহ সার্বিক চিত্র দেখেন। এসময় রোহিঙ্গা শিশুদের আদর করতেও দেখা গেছে।
ব্রিটিশ হাই কমিশনার এলিসন ব্ল্যাক, কানাডার হাই কমিশনার বেনোয়ে পিয়েরে লারামি, অস্ট্রেলিয়ার হাই কমিশনার নিবলেট আজ সকাল ১০টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত রোহিঙ্গা বস্তি ঘুরে দেখেন। পরে রাষ্ট্রদূতরা ক্যাম্প ইনচার্জের কার্যালয়ে বিভিন্ন এনজিও সংস্থা, সরকারি-বেসরকারি কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন। প্রায় ঘণ্টাব্যাপী বৈঠকে মিয়ানমার থেকে আসা রোহিঙ্গাদের নিয়ে বিভিন্ন বিষয়ে ক্যাম্প ইনচার্জ শামশুদ্দোজার সঙ্গে তারা মতবিনিময় করেন। পরে ৩ দেশের রাষ্ট্রদূত নিবন্ধিত রোহিঙ্গা ক্যাম্প ঘুরে দেখেন।
এসময় তাদের সঙ্গে থাকা কুতুপালং নিবন্ধিত ক্যাম্প কমিটির চেয়ারম্যান আব্দুর রহিম বলেন, নিবন্ধিত রোহিঙ্গা ক্যাম্পে স্যানিটেশন, সুপেয় পানি সরবরাহ, শিক্ষা-স্বাস্থ্যসহ ক্যাম্পে উন্নয়নমূলক কাজে রোহিঙ্গাদের সম্পৃক্ততা প্রত্যক্ষ করেছেন। এর আগে তিন দেশের রাষ্ট্রদূত এমএসএফ কর্তৃক পরিচালিত হাসপাতাল, আইওএম এর কার্যক্রম পর্যবেক্ষণ করেন। এসময় অতিরিক্ত পুলিশ সুপার (উখিয়া সার্কেল) ছাইলাউ মারমা, ক্যাম্প ইনচার্জ মো. শামশুদ্দোজা ও উখিয়া থানার অফিসার ইনচার্জ আবুল খায়ের উপস্থিত ছিলেন।
ইত্তেফাক/এমআই