ফরিদপুরে হত্যা মামলায় ৩ জনের ফাঁসির আদেশ

গিয়াস উদ্দিন নামে এক ব্যক্তিকে হত্যার দায়ে তিনজনকে ফাঁসির আদেশ দিয়েছেন আদালত। 
 
বৃহস্পতিবার বিকেলে ফরিদপুরের অতিরিক্ত দায়রা জজ মুসরাত জেরীনের আদালত এ রায় দেন। 
 
ফাঁসির দণ্ড প্রাপ্তরা হলেন মো. জামির আলী, মো. এনামুল কবির ওরফে এনামুল কাজী ও মিন্টু শেখ। এর মধ্যে মিন্টু শেখ পলাতক রয়েছে অন্য দুই আসামি রায় ঘোষণার সময় আদালতে উপস্থিত ছিলেন। আসামিদের সকলের বাড়ি ফরিদপুর সদর উপজেলার ঈশান গোপালপুর ইউনিয়নে।
 
অপরদিকে নিহত গিয়াস উদ্দিনের বাড়ি রাজবাড়ির মজলিশপুর গ্রামে।
 
আদালত সূত্রে ও মামলার বিবরণীতে জানা যায়, ২০১০ সালের ২০ অক্টোবর খলিলপুর বাজার থেকে ফেরার পথে বারোখাদা ব্রিজ এর নিকট পূর্বশত্রুতার জের ধরে আসামিরা গিয়াসউদ্দিনকে কুপিয়ে হত্যা করে। ওইদিনই নিহতের স্ত্রী মোসা শিউলী বেগম ফরিদপুর কোতোয়ালি থানায় এই ৩ জনের নাম উল্লেখ ও অজ্ঞাত আরো ২-৩ জনের নামে হত্যা মামলা দায়ের করেন।
 
ইত্তেফাক/উজ্জল