নাটোরে মুক্তিযোদ্ধা যাচাইবাছাই নিয়ে অনিয়মের প্রতিবাদে সংবাদ সম্মেলন

নাটোরের লালপুরে মুক্তিযোদ্ধা যাচাই বাছাই কার্যক্রমে অনিয়মের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে মুক্তিযোদ্ধারা। এসময় লালপুর ইউএনও’র বিরুদ্ধে অশোভন আচরণের অভিযোগ তোলা হয়।
 
বৃহস্পতিবার দুপুরে নাটোর শহরের ফুলবাগান এলাকায় সেক্টরস কমান্ডারস ফোরামের কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব অভিযোগ আনা হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন যুদ্ধকালীন কমান্ডার আব্দুর রাজ্জাক। 
 
অভিযোগে বলা হয়, লালপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা নজরুল ইসলাম যাচাই বাছাইয়ের সময় লাল বইয়ের মুক্তিযোদ্ধাদের ঘটনাস্থলে উপস্থিত থাকতে দেননি। ভারতীয় তালিকার সনদ গ্রহণ না করে সনদ ছুড়ে ফেলে দিয়েছেন তিনি। অভিযোগে আরও বলা হয়, যাচাই বাছাইয়ের সময় সাক্ষীদের ঠিকমত সাক্ষ্য দেয়ার সুযোগ দেওয়া হয়নি। এ অবস্থায় উক্ত যাচাই বাছাই বাতিল করে পুনরায় বাছাইয়ের দাবি জানান তারা। এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন মুক্তিযোদ্ধা সেকেন্দার আলী, মাজদার রহমানসহ অন্যান্য মুক্তিযোদ্ধারা।
 
ইত্তেফাক/এমআই