গাজীপুরে বিদেশি পিস্তল ও গুলিসহ মো. রুবেল রানা (২৫) নামে এক সন্ত্রাসীকে গ্রেফতার করেছে র্যাব-১ এর সদস্যরা। বৃহস্পতিবার দুপুরে তাকে গাজীপুর সিটি কর্পোরেশনের মারিয়ালি থেকে আটক করা হয়। তিনি ওই এলাকার মৃত সোলায়মানের ছেলে।
র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১ এর একটি দল অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ মহিউল ইসলামের নেতৃত্বে দুপুর দেড়টার দিকে রুবেলের বাসায় অভিযান চালায়। অভিযানের সময় রুবেলের শয়নকক্ষের বিছানার তোষকের নিচ থেকে একটি বিদেশি পিস্তল, পাঁচ রাউন্ড তাজা গুলি ও একটি ম্যাগজিন উদ্ধারসহ রুবেলকে আটক করা হয়।
র্যাব আরো জানায়, রুবেল একজন অস্ত্রধারী সন্ত্রাসী। জিজ্ঞাসাবাদে সে জানিয়েছে- অস্ত্রটি তার ছোটভাই জুয়েল তার কাছে রাখার জন্য দিয়েছে। সে স্বীকার করেছে র্দীঘদিন ধরে অবৈধ অস্ত্র দিয়ে জেলার বিভিন্ন এলাকায় অপরাধমূলক কর্মকাণ্ড চালিয়ে আসছে এবং তার ছোট ভাই জুয়েল এলাকার অস্ত্রধারী শীর্ষ সন্ত্রাসী হিসেবে পরিচিত। তার নামে জয়দেবপুর থানায় হত্যা ও চাঁদাবাজিসহ একাধিক মামলা রয়েছে।
ইত্তেফাক/মাহমুদুল ইসলাম