আওয়ামী লীগ প্রেসিডিয়াম সদস্য, কেন্দ্রীয় ১৪ দলের মুখপাত্র এবং স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী মোহাম্মদ নাসিম বিএনপির উদ্দেশ্যে বলেছেন, অহেতুক বিতর্ক সৃষ্টি না করে আগামী নির্বাচনের জন্য প্রস্তুত হোন। ভোট দেয়ার মালিক দেশের জনগণ। আগামী নির্বাচনে জনগণ যে রায় দেবে আওয়ামী লীগ তা মাথা পেতে নেবে।
গতকাল বৃহস্পতিবার রাজধানীর খামারবাড়িস্থ কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে বাংলাদেশ চক্ষু চিকিত্সক সমিতির ৪৪তম সম্মেলন উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি আরো বলেন, নির্বাচন কমিশনে যারা নিয়োগ পেয়েছেন তারা দক্ষ এবং অভিজ্ঞ ব্যক্তি। তারা কোনো রাজনৈতিক দলের সঙ্গে জড়িত ছিলেন না। তাদের অধিকাংশই আমলা। তারা যা করবেন আইন মেনেই করবেন।
মোহাম্মদ নাসিম বলেন, নবগঠিত নির্বাচন কমিশন সবাই ইতিবাচক ভাবে গ্রহণ করেছে। এখন বিএনপির কোথায় অসুবিধা হলো? তারা তো এখনও কোনো কাজই শুরু করেনি। বিএনপির অভ্যাস সবকিছুতেই বিরোধিতার জন্যই বিরোধিতা করা। অহেতুক ডাক্তারদের উপর হামলা বা হাসপাতাল ভাঙচুর না করতে রোগীর স্বজনদের প্রতি আহ্বান জানান স্বাস্থ্যমন্ত্রী।
বাংলাদেশ চক্ষু চিকিত্সক সমিতির সভাপতি অধ্যাপক ডা. শারফুদ্দিন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন প্রধানমন্ত্রীর সাবেক উপদেষ্টা ডা. মোদাচ্ছের আলী, বাংলাদেশ মেডিক্যাল অ্যাসোসিয়েশনের সভাপতি ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন, স্বাস্থ্য অধিদপ্তরের সাবেক মহাপরিচালক অধ্যাপক ডা. দীন মো. নুরুল হক, বাংলাদেশ মেডিক্যাল অ্যাসোসিয়েশনের মহাসচিব ডা. এহতেশামুল হক চৌধুরী প্রমুখ।
মেডিক্যালে বিদেশি কোটা
এদিকে মেডিক্যাল কলেজগুলোতে বিদেশি কোটায় শিক্ষার্থী ভর্তির ক্ষেত্রে সার্ক অঞ্চলের বরাদ্দ আসনের বিপরীতে কোনো দেশের কোটা পূরণ না হলে খালি আসনগুলো অন্যান্য দেশের মধ্যে বন্টন করে দেওয়ার সিদ্ধান্ত নেয়া হয়েছে। গতকাল সচিবালয়ে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সভাকক্ষে মেডিক্যাল কলেজে বিদেশি কোটা নীতিমালা সংক্রান্ত সভায় এই সিদ্ধান্ত গৃহীত হয়। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী মোহাম্মদ নাসিম এতে সভাপতিত্ব করেন। স্বাস্থ্যমন্ত্রী বলেন, সরকার চায় না কোনো মেডিক্যাল কলেজ বন্ধ হোক। কিন্তু চিকিত্সা শিক্ষার মান অক্ষুণ্ন রাখতে কলেজ পরিচালনায় নীতিমালা মেনে চলতে হবে।
ইত্তেফাক/নূহু