জর্জ ক্লুনি ও আমালের ঘরে আসছে জমজ সন্তান

হলিউডের শক্তিমান অভিনেতা জর্জ ক্লুনি জমজ সন্তানের বাবা হতে যাচ্ছেন।  ক্লুনি ও আমাল আলামুদ্দীনের ঘর আলো করে আসা এ শুভ সংবাদটি নিশ্চিত করেছেন আরেক জনপ্রিয় অভিনেতা ম্যাট ডেমন।
 
বৃহস্পতিবার কানাডিয়ান এক সংবাদমাধ্যমের কাছে ডেমন বলেন, গত শরতে জর্জের সঙ্গে শুটিং করার সময় সেটের একপাশে ডেকে নিয়ে এমন খবর দেন তিনি। 
 
এতে খুশিতে আত্মহারা ডেমন আরো জানান, ‘তারা সম্ভবত অসাধারণ বাবা-মা হতে যাচ্ছেন, এই দম্পতির অনাগত সন্তানেরা সবার আগ্রহ কেড়ে নেবে।’
 
পরবর্তীতে ডেমন সিবিএস এর টকশো উপস্থাপক জুলি চ্যানের সঙ্গেও এ ব্যাপারটি নিয়ে কথা বলেন।
 
২০১৪ সালে বেশ ঢাকঢোল পিটিয়ে বিয়ে হয় জর্জ ক্লুনি ও মানবাধিকার আইনজীবী আমাল আলামুদ্দিনের।
 
তবে ম্যাট ডেমনের কাছে আমালের আট মাসের অন্তস্বত্তার গোপনীয়তা ভেঙ্গে দিলেও,এ নিয়ে জর্জ ক্লুনি ও আমাল আলামুদ্দিন দম্পতির কেউ এখনো কোনো মন্তব্য করেননি।
 
খবরটি সত্যি হলে এবারই হবে এ দম্পতির প্রথম সন্তান। এর আগে মার্কিন সংগীত তারকা বিয়ন্সে ঘোষণা দিয়েছিলেন, তিনিও যমজ সন্তানের মা হতে চলেছেন। বিবিসি
 
ইত্তেফাক/ সেতু