যশোর-নড়াইল সড়কের বাউলিয়া হামকুড়া ব্রিজের কাছে একটি পিকনিকের বাস খাদে পড়ে ৩০ জন শিক্ষার্থী ও অভিভাবক আহত হয়েছেন।
শুক্রবার দুপুর ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে। আহতদের মধ্যে দুই শিক্ষক, দুই অভিভাবক ও ৯ শিক্ষার্থীকে যশোর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে প্রধান শিক্ষকের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়েছে। বাকিরা প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।
দুর্ঘটনার শিকার বাসটি ঝিনাইদহের হরিণাকুণ্ডু উপজেলার পার্বতীপুর কলকাকলি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের।
ওই স্কুলের শিক্ষিকা মাহমুদা আক্তার জানান, স্কুলের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের নিয়ে একটি বাস শুক্রবার সকালে নড়াইলের লোহাগড়া উপজেলায় অবস্থিত ‘নিরিবিলি পিকনিক স্পটে’র উদ্দেশে যাত্রা করে। দুপুর ১২টার দিকে বাসটি যশোর-নড়াইল সড়কের বাউলিয়া হামকুড়া ব্রিজের কাছে পৌঁছায়। এ সময় বাসটির একসেল ভেঙ্গে পাশের একটি গাছে আঘাত করে খাদে পড়ে যায়। এতে ৩০ জন শিক্ষার্থী, অভিভাবক ও শিক্ষক আহত হন।
এরা হলেন স্কুলের প্রধান শিক্ষক কাজেম হোসেন, সহকারী শিক্ষক মাহমুদা আক্তার, অভিভাবক তোফাজ্জেল হোসেন ও মমতাজ এবং শিক্ষার্থী নিশাত নাজনীন, লায়লা, মিজু, সুমাইয়া আক্তার ইতু, কাকলী, তামান্না, গালিব, সাঈদ ও রাশেদ।
যশোর কোতোয়ালি মডেল থানার ওসি ইলিয়াস হোসেন জানান, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের সহায়তায় আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।
ইত্তেফাক/উজ্জল