কুষ্টিয়া-ঝিনাইদহ মহাসড়কের বিত্তিপাড়া এলাকায় মোটরসাইকেল ও কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষে ইসলামী বিশ্ববিদ্যালয়ের কর্মচারী মো. ছানোয়ার হোসেন (৪০) ও রেজিস্ট্রার অফিসের পিয়ন মো. আমিনুল ইসলাম বকুল (৪২) নিহত হয়েছেন। শুক্রবার বিকাল পৌনে চারটার দিকে আটমাইলের লালন ফিলিং স্টেশনের সামনে এ দুর্ঘটনার শিকার হন তারা।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্র জানায়, তারা কুষ্টিয়া থেকে মোটরসাইকেল যোগে আসার পথে বিপরীতমুুখী থেকে আসা আকিজ গ্রুপের কাভার্ডভ্যানের সাথে মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই নিহত হন। পরে স্থানীয় জনগণ কাভার্ডভ্যানটি করিমপুর বাজারে আটক করে। আলামপুর ক্যাম্পের পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে কুষ্টিয়া সদর হাসপাতালের মর্গে পাঠায়।
জানা গেছে, আমিনুল ইসলাম বকুলের বাড়ী পাবনা জেলার চাটমোহর উপজেলায় এবং ছানোয়ার হোসেনের বাড়ি কুষ্টিয়ার সদর থানার কালিশঙ্করপুর গ্রামে। এই ঘটনায় বিশ্ববিদ্যালয় প্রশাসন গভীর শোক জানিয়েছেন।
আলামপুর ক্যাম্পের দায়িত্বে থাকা (এসআই) মো. সোহাগ মিলন বলেন, ‘আকিজ গ্রুপের একটি গাড়ি বিপরীত দিক থেকে আসা মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ইসলামী বিশ্ববিদ্যালয়ের দুই কর্মচারীর মৃত্যু হয়। পরে হাইওয়ে পুলিশকে বিষয়টি জানানো হলে তারা লাশ উদ্ধার করে কুষ্টিয়া সদর হাসপাতালের মর্গে পাঠায়।’
ইত্তেফাক/আনিস মণ্ডল।