জেলা জামায়াতের সাবেক আমীর রেজাউল করিমকে (মন্টু রাজাকার) শুক্রবার নাশকতা মামলায় গ্রেফতার করেছে জয়পুরহাট থানা পুলিশ।
জয়পুরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদ হোসেন বিষয়টি নিশ্চিত করে ইত্তেফাক’কে জানান, শুক্রবার রাত সাড়ে ৯টায় জেলা শহরের জানিয়ার বাগান এলাকার নিজ বাড়ি থেকে মন্টুকে গ্রেফতার করা হয়।
১৯৭১ সালে পার্শ্ববর্তী বদলগাছী উপজেলার ঐতিহাসিক পাহাড়পুর এলাকায় মন্টু রাজাকারের নেতৃত্বে ৫ মুক্তিযোদ্ধাকে হত্যা, বাড়ি-ঘরে লুন্ঠন ও অগ্নিসংযোগ করা হয়। এ অভিযোগে আন্তর্জাতিক যুদ্ধাপরাধ ট্রাইব্যুনালে ২০১৬ সালের ১৮ অক্টোবর একটি মামলা দায়ের করা হয়।
এ ব্যাপারে গত ৩১ জানুয়ারি ও ১ ফেব্রুয়ারি আন্তর্জাতিক যুদ্ধাপরাধ ট্রাইব্যুনালের একটি তদন্ত দল পাহাড়পুর এলাকায় তদন্ত কার্যক্রম পরিচালনা করে। ৪ সদস্য বিশিষ্ট্য তদন্ত দলের প্রধান অতিরিক্ত পুলিশ সুপার হেলাল উদ্দিন বিষয়টি নিশ্চিত করে বলেন, তদন্ত কার্যক্রম অব্যাহত রয়েছে।
রেজাউল করিম মন্টু রাজাকারকে ২০১৫ সালের ৮ জানুয়ারি রাত ১১টায় জয়পুরহাট সদরের হিচমী এলাকায় আলুর ট্রাকে অগ্নিসংযোগ মামলায় গ্রেফতার দেখানো হয়েছে বলে জানান ওই মামলার তদন্ত কর্মকর্তা এস আই আব্দুল খালেক।
ইত্তেফাক/নূহু