ব্যাংক এশিয়া কর্পোরেট সামাজিক দায়বদ্ধতার অংশ হিসাবে চট্টগ্রাম জেলার লোহাগাড়া, ভাটিয়ারী, পথেরহাট, লিচুবাগান ও দোহাজারী এলাকার ৪৩ জন মেধাবী শিক্ষার্থীকে উচ্চশিক্ষা বৃত্তি প্রদান করেছে। ব্যাংকের প্রেসিডেন্ট ও ব্যবস্থাপনা পরিচালক জনাব জনাব মোঃ আরফান আলী শনিবার, বন্দরনগরী চট্টগ্রামের আগ্রাবাদস্থ ব্যাংকের জোনাল অফিসে আয়োজিত এক অনাড়ম্বর অনুষ্ঠানে শিক্ষার্থীদের হাতে এ বৃত্তির টাকা তুলে দেন।
ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালকদ্বয় মিসেস হুমায়রা আযম এবং জনাব মোহাম্মদ জহিরুল আলম, সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট জনাব শফিউজ্জামান, ব্যাংকের চট্টগ্রাম আঞ্চলিক প্রধান জনাব মোঃ সাইফুল ইসলাম সহ ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন।
বিপুল সংখ্যক শিক্ষার্থী, শিক্ষক, ব্যবসায়ী নেতৃবৃন্দ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে অনুষ্ঠানটি প্রাণবন্ত হয়ে ওঠে। উল্লেখ্য, ব্যাংক এশিয়া গ্রামীণ শাখাগুলোর মাধ্যমে পল্লী অঞ্চলের মেধাবী ছাত্র-ছাত্রীদের উচ্চশিক্ষা বৃত্তি প্রদান করে থাকে। চলতি বছর এ বৃত্তির জন্য ২৪০ জন শিক্ষার্থীকে মনোনীত করা হয়েছে।
ইত্তেফাক/সাব্বির