রাজধানীতে সাড়ে ২৮ হাজার পিস ইয়াবাসহ গ্রেফতার ২

 
রাজধানীর টিকাটুলীতে ২৮ হাজার ৫০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব। গ্রেফতারকৃতরা হলেন- মো. হোসেন (৩৫) ও মো. সাব্বির হোসেন সোহাগ (১৯)। অভিযানের সময় নগদ দুই লাখ নয় হাজার নয়শ’ টাকাও জব্দ করা হয়।
 
র‌্যাব কর্মকর্তারা জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার দুপুরে মেজর ইশতিয়াক আহমেদের নেতৃত্বে র‌্যাব-১ এর একটি দল ওয়ারী থানাধীন টিকাটুলি এলাকায় একটি বাড়িতে মাদক বিরোধী অভিযান চালিয়ে এসব ইয়াবা উদ্ধার করে এবং ইয়াবা ব্যবসায় জড়িত থাকার অভিযোগে দু’জনকে গ্রেফতার করা হয়।
 
জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা জানিয়েছে, তারা আটককৃত ইয়াবার চালানটি টেকনাফ থেকে সোদিয়া পরিবহনে করে রাজধানীতে নিয়ে আসে।
 
তারা আরও জানায়, দীর্ঘদিন যাবৎ বিভিন্ন ধাপে ধাপে টেকনাফ থেকে বিপুল পরিমান ইয়াবার চালান সোদিয়াসহ বিভিন্ন বাসের বডির ভেতরে নিয়ে আসে। তারা কখনও কখনও গাড়ির চালক ও হেলপারের সহায়তায় বিক্রির উদ্দেশে রাজধানীতে ইয়াবা মজুদ করে থাকে। এ ব্যাপারে একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে। খবর বাসসের।
 

ইত্তেফাক/আনিস মণ্ডল।