ছাত্রসমাজকে জঙ্গিবাদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে : ভূমিমন্ত্রী

ভূমিমন্ত্রী শামসুর রহমান শরীফ বলেছেন, ছাত্রসমাজকে মাদক, জঙ্গিবাদ ও অস্ত্রবাজদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। 
 
শনিবার ঈশ্বরদী সরকারি কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। 
 
ভূমিমন্ত্রী বলেন, ভাষা আন্দোলন ও মুক্তিযুদ্ধে এদেশের ছাত্রসমাজের ভূমিকার ন্যায় বর্তমান ছাত্রসমাজকে অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে।   
 
মন্ত্রী বলেন, ভূমি দস্যুরা বিভিন্ন ভুয়া কাগজপত্র তৈরি করে সরকারি-বেসরকারি জমি দখল করে নিচ্ছে। জননেত্রী শেখ হাসিনার সরকার ভুমি দস্যুদের অবৈধভাবে জমি দখলে রাখার সুযোগ দিবে না। 
 
ঈশ্বরদী সরকারি কলেজের অধ্যক্ষ শেখ আনোয়ার হোসেনের সভাপতিত্বে এ সময় বিশেষ অতিথি ছিলেন পাবনা পুলিশ সুপার জিহাদুল কবীর, ঈশ্বরদী উপজেলা নির্বাহী কর্মকর্তা শাকিল মাহমুদ, ঈশ্বরদী উপজেলা চেয়ারম্যান মখলেছুর রহমান মিন্টু। এ সময় কলেজের উপাধ্যক্ষ মুহাম্মদ আব্দুল জলিল, ঈশ্বরদী থানা অফিসার ইনচার্জ আ. হাই তালুকদার, মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা চান্না মণ্ডল, যুবলীগ নেতা আলাউদ্দিন বিপ্লবসহ কলেজের শিক্ষক-শিক্ষিকা ও বিপুল সংখ্যক শিক্ষার্থী এ সময় উপস্থিত ছিলেন। 
 
ইত্তেফাক/উজ্জল