সিটি ইউনিভার্সিটিতে ‘প্রোগ্রামিং এন্ড প্রব্লেম সলভিং’ শীর্ষক সেমিনার

সিটি ইউনিভার্সিটির ১৫ বছর পূর্তি উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের ডিপার্টমেন্ট অব কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের উদ্যোগে গত ‍বৃহস্পতিবার রাজধানীর সিটি ক্যাম্পাসে (পান্থপথ) বিশেষ সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
 
‘প্রোগ্রামিং এন্ড প্রব্লেম সলভিং’ শীর্ষক এই সেমিনারে প্রধান বক্তা ছিলেন বাংলাদেশ ম্যাথ অলিম্পিয়াড ও প্রোগ্রামিং প্রতিযোগিতার পথিকৃত আইটি বিশেষজ্ঞ বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) প্রফেসর ও ডিন ড. এম কায়কোবাদ।
 
ড. এম কায়কোবাদ ম্যাথ অলিম্পিয়াড ও কম্পিউটার প্রোগ্রামিংয়ের উল্লেখযোগ্য দিক তুলে ধরে বলেন, ‘বাংলাদেশ অল্পের জন্য ভারতের কাছে হারলেও গনিত অলিম্পিয়াডে আমরা নিয়মিত তাদের হারাচ্ছি। বাংলাদেশকে অন্যান্য দেশের মানুষ গরিব দেশ বলে। কিন্তু আমাদের দেশ আসলে ধনী। কারণ আমাদের মানব সম্পদ রয়েছে। এই সম্পদকেই আমাদের কাজে লাগাতে হবে।’
IMG0
তিনি বলেন, ‘ছাত্রজীবনে আমি রাশিয়াতে কিছুদিন অধ্যয়ন করেছি। সেখানকার বাচ্চাদের দাবা খেলা দেখেছিলাম। তারা একটি চাল দিতে গিয়ে ২ ঘণ্টা চিন্তা করে। আর আমরা হারার পর দুই ঘণ্টা চিন্তা করি। তফাৎ টা এই খানেই। গনিত এবং প্রোগ্রামিং এর প্রতি শিক্ষার্থীদের আরো বুদ্ধিদীপ্ত ও আগ্রহী হতে হবে।  
 
সেমিনারে সভাপতিত্ব করেন ডিপার্টমেন্ট অব কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিংয়ের বিভাগীয় প্রধান মো. সাফায়েত হোসেন। সেমিনারের শুরুতে সভাপতি শুভেচ্ছা বক্তব্য রাখেন।
 
সেমিনারে আরো  উপস্থিত ছিল সিএসসি ডিপার্টমেন্টের সকল ফ্যাকাল্টি মেম্বার’স এবং ছাত্রছাত্রীরা।
 
ইত্তেফাক/উজ্জল