তৃতীয় রাউন্ড ভালো গেলোনা সিদ্দিকের

তৃতীয় রাউন্ডটা একেবারেই ভালো কাটেনি বাংলাদেশী গলফার সিদ্দিকুর রহমানের। মালয়েশিয়ার মেমব্যাঙ্ক চ্যাম্পিয়নশিপ টুর্নামেন্টে দেশসেরা এই গলফার নেমে গেছেন ২৯তম স্থানে।
 
মালয়েশিয়ায় অনুষ্ঠিত টুর্নামেন্টটির তৃতীয় রাউন্ডে বাজে দিন কাটালেন তিনি। সওজানা গলফ অ্যান্ড কান্ট্রি ক্লাবে শনিবার সিদ্দিক পারের চেয়ে এক শট বেশি খেলে ৭৩ শটে খেলা শেষ করেন। যাতে পাঁচজনের সঙ্গে সম্মিলিতভাবে ২৯তম স্থানে নেমে গেছেন তিনি। 
 
প্রথম ও  দ্বিতীয় রাউন্ডে মাইনাস তিন পারে অর্থ্যাৎ ৬৯ শটে খেলা শেষ করে শিরোপা প্রত্যাশীদের তালিকার শুরু দিকেই ছিলেন সিদ্দিক। কিন্তু আজ তৃতীয় রাউন্ডে প্রথম দুই রাউন্ডের ধারাবাহিকতা অব্যাহত রাখতে পারেননি তিনি। মোট (-৫) ২১১ শটে তৃতীয় রাউন্ড শেষ হয়েছে তার। 
 
ইংল্যান্ডের ড্যানি উইলেট তৃতীয় রাউন্ড শেষে আছেন শীর্ষে। পারের চেয়ে ৫ শট কম খেলে মোট ৬৭ শটে দিন শেষ করেছেন তিনি। তার মোট শটের সংখ্যা (-১৬) ২০০। 
 
ইত্তেফাক/রেজা