সাগর-রুনি হত্যাকাণ্ডের বিচার দাবিতে সমাবেশ

সাংবাদিক দম্পতি সাগর-রুনি হত্যাকাণ্ডের তদন্ত প্রতিবেদন দ্রুত প্রকাশ ও জড়িতদের বিচার দাবিতে প্রতিবাদ সমাবেশ করেছে জাতীয় প্রেসক্লাব, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে) দুই অংশ, ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে) দুই অংশ ও ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ)।

গতকাল সকালে সেগুনবাগিচায় ডিআরইউ চত্বরে সাগর সরওয়ার ও মেহেরুন রুনি হত্যার ৫ম বার্ষিকী উপলক্ষে আয়োজিত সমাবেশে সাংবাদিক নেতৃবৃন্দ সাগর-রুনি হত্যাকাণ্ডের তদন্ত রিপোর্ট দ্রুত প্রকাশ ও বিচার তরান্বিত করতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন। গত পাঁচ বছরেও এ হত্যাকাণ্ডের কোনো কূলকিনারা না হওয়ায় তারা ক্ষোভ প্রকাশ করেন। নিহতদের স্মরণে সমাবেশের শুরুতে এক মিনিট নীরবতা পালন করা হয়। ডিআরইউ সভাপতি সাখাওয়াত হোসেন বাদশা বলেন, ২২ ফেব্রুয়ারির যৌথসভা থেকে সংবাদ সম্মেলনের মাধ্যমে সাগর-রুনি হত্যাকাণ্ডের বিচারসহ সারাদেশে সাংবাদিক হত্যা ও নির্যাতন বন্ধের দাবিতে যুগপত্ আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হবে। ডিআরইউ সাধারণ সম্পাদক মুরসালীন নোমানী বলেন, সাগর-রুনি হত্যার তদন্ত করতে গিয়ে র্যাব গড়িমসি করছে। তদন্তকারী প্রতিষ্ঠানটি সাংবাদিকদের সঙ্গে লুকোচুরি খেলছে। আমরা তদন্ত করে খুনিদের গ্রেফতারের দাবি জানাচ্ছি।

প্রতিবাদ সমাবেশে সাগর-রুনির একমাত্র ছেলে মাহীর সরওয়ার মেঘ এবং রুনির ভাই নওশের আলম রোমান অংশ নেন।

এদিকে, জাতীয় প্রেসক্লাবের সামনে অনুষ্ঠিত সমাবেশে বিএফইউজে মহাসচিব ওমর ফারুক বলেন, সারাদেশে সাংবাদিকদের ওপর নির্যাতন চলছে। সর্বশেষ শিমুলকে নির্মমভাবে হত্যা করা হয়েছে। কিন্তু শিমুল হত্যায় আসামিকে গ্রেফতার করা হলেও তাকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়নি। অবিলম্বে সব সাংবাদিক হত্যাকাণ্ডের বিচার দাবি করেন তিনি।

ডিইউজের সভাপতি শাবান মাহমুদ বলেন, সাগর-রুনি হত্যাকাণ্ডের পর ৪৮ ঘণ্টার মধ্যে খুনিদের গ্রেফতারের কথা বলে সেই সময় স্বরাষ্ট্রমন্ত্রী আমাদের সঙ্গে প্রতারণা করেছেন। এখনো এই হত্যাকাণ্ডের কোনো বিচার হয়নি। বিচারের দাবিতে আমরা আন্দোলনে সবসময় থাকব।

সমাবেশ থেকে আগামী ২২ ফেব্রুয়ারি বেলা ১১টায় সাগর-রুনি হত্যাকাণ্ডের পরবর্তী করণীয় সম্পর্কে এক যৌথসভার আহ্বান করা হয়। এছাড়া হত্যাকাণ্ডের দ্রুত তদন্ত রিপোর্ট প্রকাশ ও বিচার দাবিতে ১১ মার্চ জাতীয় প্রেসক্লাবের সামনে সড়ক অবরোধ ও প্রতিবাদ সমাবেশ কর্মসূচিও ঘোষণা করা হয়।

প্রতিবাদ সমাবেশে আরো বক্তব্য রাখেন- সাংবাদিক নেতা শওকত মাহমুদ, রুহুল আমিন গাজী, আব্দুল জলিল ভূঁইয়া, সৈয়দ আবদাল আহমেদ, মধুসূদন মণ্ডল, ইলিয়াস খান, সোহেল হায়দার চৌধুরী, কাদের গণি চৌধুরী, রেয়োয়ানুল হক রাজা, সাজ্জাদ আলম খান তপু, সরোয়ার আলম প্রমুখ।

ইত্তেফাক/নূহু