রাজবাড়ী প্রতিনিধি
চৈত্রের মাঝামাঝিতেই রাজবাড়ীর বিভিন্ন নদী-নালা ও খাল-বিলের পানি শুকিয়ে গেছে। আর খাল-বিলের তলায় অবশিষ্ট কাদা পানি হাতিয়ে মাছ ধরায় ব্যস্ত রয়েছে শিশু-কিশোররা। ফাল্গুন-চৈত্র থেকে শুরু করে বৈশাখ-জ্যৈষ্ঠ মাস পর্যন্ত খাল-বিল, পুকুর-ডোবার হাঁটু পানিতে মাছ ধরা চলে। বর্ষার নতুন পানি না আসা পর্যন্ত এটি অব্যাহত থাকে।
শনিবার দুপুরে রাজবাড়ী সদর উপজেলার খানখানাপুর ইউনিয়নের সম্রাটনগর এলাকার পাকা সড়ক সংলগ্ন খালের স্বল্প কাদা পানিতে চোখে পড়লো কয়েকজন শিশু ও কিশোরকে। তারা হাঁটু কাদা পানিতে নেমে দেশীয় প্রজাতির কৈ, শিং, মাগুর, পাবদা, পুঁটি, চিংড়ি, টেংরা, টাকি, শোল ও চাপিলা মাছ ধরার চেষ্টা করছে। সদরের খানখানাপুর ইউনিয়নের সম্রাটনগর এলাকার মো. হাবিবুর রহমান জানান, আমাদের এলাকার বিল ও রাস্তার পাশের খালে এখন পানি কমে যাওয়ায় প্রচুর দেশি মাছ পাওয়া যাচ্ছে। ভোর হতেই গ্রামের অনেক মানুষ জাল, পলো নিয়ে খাল-বিলে মাছ ধরছে। অনেকে আবার সকাল থেকে বিকাল পর্যন্ত মাছ ধরছে।