ওসমানীনগরে শ্বশুর বাড়িতে জামাইয়ের লাশ, মামলা দায়ের

সিলেটের ওসমানীনগরে শ্বশুর বাড়ি থেকে সাইফুল ইসলাম নামে এক যুবকের লাশ উদ্ধার করা হয়েছে। সাইফুল উপজেলার আবদুল্লাহপুর (পূর্বপাড়া) গ্রামের মৃত মজিদ উল্ল্যার ছেলে। নিহতদের পরিবারের অভিযোগের প্রেক্ষিতে তাৎক্ষণিক থানা পুলিশ নিহতের স্ত্রী ও শাশুড়িকে আটক করেছে। 
 
গত শনিবার বিকেলে উপজেলার রহমতপুর চর গ্রামে শ্বশুর নেছাওর আলীর বাড়ি থেকে সাইফুলের লাশ উদ্ধার করে সন্ধ্যায় ময়না তদন্তের জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করে পুলিশ। এ ঘটনায় শনিবার নিহত সাইফুলের স্ত্রী রাশিদা বেগম ও শাশুড়ি ছায়া বেগমকে আটক করে পুলিশ। শনিবার রাতে নিহতের ভাই আজিজুল ইসলাম বাদী হয়ে চারজনের নাম উল্লেখ করে থানায় হত্যা মামলা দায়ের করেছেন। আজ রবিবার দুপুরে আটককৃতদের আদালতে প্রেরণ করে থানা পুলিশ।  
 
ওসমানীনগর থানার ওসি আবদুল আউয়াল চৌধুরী বলেন, আটককৃতদের আদালতে প্রেরণ করা হয়েছে।আটকৃতদের প্রাথমিক জিজ্ঞাসাবাদসহ বাদীর অভিযোগের প্রেক্ষিতে হত্যা মামলা রুজু করা হয়েছে। ময়না তদন্তের রিপোর্ট ও তদন্তের পর এ ব্যাপারে বিস্তারিত বলা যাবে। 
 
ইত্তেফাক/মাহমুদুল ইসলাম