নওগাঁ প্রতিনিধি
নওগাঁর ধামইরহাট উপজেলার বস্তাবর কাগজকুটায় ক্ষুদ্র নৃগোষ্ঠী ভূমিহীন পল্লিতে গভীর রাতে অগ্নিসংযোগ ও লুটপাটকারীদের গ্রেপ্তার ও বিচার, ক্ষতিপূরণ ও পুনর্বাসন এবং পুলিশ ফাঁড়ি স্থাপন করে ক্ষুদ্র নৃগোষ্ঠীদের নিরাপত্তা নিশ্চিতের দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সভা হয়েছে।
শুক্রবার কাগজকুটা স্থানে আদিবাসী বাম গণতান্ত্রিক জোট নওগাঁ জেলা শাখার আয়োজনে এই কর্মসূচি পালিত হয়েছে। বাম গণতান্ত্রিক জোট নওগাঁ জেলা শাখার সমন্বয়কারী ও সিপিবির সভাপতি অ্যাডভোকেট মহসীন রেজার সভাপতিত্বে বাসদের নওগাঁ জেলা সমন্বয়ক জয়নাল আবেদীন মুকুল, সিপিবির নওগাঁর সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম খোকন, বাংলাদেশ আদিবাসী ইউনিয়ন কেন্দ্রীয় কমিটির সভাপতি রেবেকা সরেন প্রমুখ বক্তব্য রাখেন। বক্তারা জেলার ত্রাণ তহবিল থেকে ক্ষতিগ্রস্ত পরিবারদের সরকারিভাবে ঘর নির্মাণ, পর্যপ্ত খাদ্যসামগ্রী, নগদ অর্থ প্রদান, পরিধেয় কাপড় সরবরাহ করা ও বিচারের জোর দাবি জানান।
ধামইরহাট থানার অফিসার ইনচার্জ (ওসি) জাকিরুল ইসলাম জানান, এ ঘটনায় থানায় ২৫ মার্চ মামলা করেন ক্ষতিগ্রস্ত দুলালী পাহান। মোশারফ হোসেন মিস্টারসহ দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে। পলাতক বাকি আসামিদের গ্রেপ্তারের জোর চেষ্টা চলছে।