লক্ষ্মীপুরে পরীক্ষা দিতে যাওয়ার পথে শিক্ষার্থীর ওপর হামলা

লক্ষ্মীপুরে পরীক্ষা কেন্দ্রে যাওয়ার পথে ৫ দাখিল (এসএসসি) পরীক্ষার্থীর ওপর হামলা চালিয়েছে বখাটেরা। আহত অবস্থায় তারা লক্ষ্মীপুর আলীয়া মাদ্রাসা কেন্দ্রে পরীক্ষা দিয়েছে। আহতদের মধ্যে দুজন ছাত্র ও তিনজন ছাত্রী। 
 
রবিবার সকালে সিএনজি চালিত অটোরিকশা যোগে পরীক্ষা কেন্দ্রে যাওয়ার পথে পশ্চিম লক্ষ্মীপুর বেড়ীর মাথা এলাকায় খাজার দোকানের সামনে এই হামলার ঘটনা ঘটে।
 
আহত পরীক্ষার্থীরা হলেন- রোকনুজ্জামান, তারেক, নিলু আক্তার, স্বর্ণা ও সুমি। তারা স্থানীয় নবীগঞ্জ ইসলামীয়া দাখিল মাদ্রাসা থেকে দাখিল পরীক্ষা দিচ্ছেন।
 
অটোরিকশা চালক সুরাজ জানান, পরীক্ষার্থীদের নিয়ে অটোরিকশায় করে কেন্দ্রে যাওয়ার পথে ৬/৭ জন বখাটে যুবক গাড়ি থামিয়ে অতর্কিত হামলা চালায়। এ সময় রোকনুজ্জামান ও তারেককে মারধর করে পাঞ্জাবি ছিঁড়ে ফেলে তারা। অটোরিকশায় থাকা অপর তিনছাত্রীকে বখাটেরা শারীরিকভাবে লাঞ্ছিত করে। পরে স্থানীয়রা এসে পরীক্ষার্থীদের উদ্ধার করে। এ সময় বখাটেরা পালিয়ে যায়।
 
আহত পরীক্ষার্থী রোকনুজ্জামানের মা মোবাশ্বেরা জানান, রোকনুজ্জামান ও তারেকের সঙ্গে শনিবার একটি মোবাইল নিয়ে পাশ্ববর্তী এলাকার সাদ্দামের বাক-বিতণ্ডা ও মারামারি হয়। রবিবার সকালে পরীক্ষা দেওয়ার জন্য লক্ষ্মীপুর আলীয়া মাদ্রাসা কেন্দ্রে যাওয়ার পথে তাদের ওপর হামলা চালায় সাদ্দাম ও তার লোকজন।
 
নবীগঞ্জ মাদ্রাসার সুপার ও লক্ষ্মীপুর আলীয়া মাদ্রাসা পরীক্ষা কেন্দ্রের সচিব মাওলানা আবু তাহের ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, দুই ছাত্রকে মারধর ও তিন ছাত্রীকে লাঞ্ছিত করা হয়েছে। তারা আহত অবস্থায় পরীক্ষা দিয়েছে। পরবর্তীতে ম্যানেজিং কমিটির সঙ্গে আলাপ করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
 
ইত্তেফাক/মাহমুদুল ইসলাম