সব ক্ষেত্রে দেশ এগিয়ে যাচ্ছে : শাজাহান খান

নৌপরিবহন মন্ত্রী শাজাহান খান বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন বর্তমান সরকারের নেতৃত্বে শিক্ষা ও চিকিৎসাসহ প্রতিটি ক্ষেত্রে দেশ সামনের দিকে এগিয়ে যাচ্ছে।
 
রবিবার রাজধানীর পাবলিক লাইব্রেরি মিলনায়তনে মডার্ন হারবাল গ্রুপের ৩৫তম বর্ষপূর্তি উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। 
 
শাজাহান খান বলেন, জনগণের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে সরকার যে কমিউনিটি ক্লিনিক নির্মাণ করেছে বিএনপি সরকার সেগুলো বন্ধ করে দিয়েছিল। বিএনপি নেত্রী বেগম খালেদা জিয়া আওয়ামী লীগ সরকারের উন্নয়ন দেখতে পাননি, কারণ তার চোখে ছানি পড়েছিল। লন্ডন থেকে চোখের ছানি কেটে আসার পর এখন উন্নয়ন দেখতে পান। বিএনপি এখন উন্নয়ন সুসংহত করতে গণতন্ত্র চান। 
 
মডার্ন হারবাল গ্রুপের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক ডা. আলমগীর মতির সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন পাট ও বস্ত্র সচিব শুভাশীষ বসু, প্রফেসর ড. সমসের আলী, প্রফেসর ডা. মোহাম্মদ আমিরুল ইসলাম এবং মো. তারিক বিন হোসেন। বাসস
 
ইত্তেফাক/উজ্জল