বাংলাদেশ ব্যাংকের গভর্নর ফজলে কবির বলেছেন, ব্যাংকিং চ্যানেলে রেমিটেন্স প্রবাহ কমে যাওয়ায় বিষয়টি উদ্বেগজনক। রেমিটেন্স কমে যাওয়ার কারণ অনুসন্ধাণে আমরা কাজ শুরু করেছি।
রবিবার রাজধানীর মতিঝিলে চেম্বার ভবনে মেট্রোপলিটন চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির (এমসিসিআই) মধ্যাহ্ন ভোজসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
গভর্নর বলেন, কেন্দ্রীয় ব্যাংকের দুটি গবেষক দল শিগগিরই মালয়েশিয়াসহ মধ্যপ্রাচ্যর দেশগুলো সফর করবে। তারা রেমিটেন্স হ্রাস পাওয়ার কারণ উদঘাটনসহ বৈধ চ্যানেলে এর প্রবাহ বাড়ানোর উপায় খুঁজে বের করবেন।
তিনি বলেন, মালয়েশিয়াসহ মধ্যপ্রাচ্যের দেশগুলো থেকে রেমিটেন্স পাঠানোর ক্ষেত্রে ‘ইনফরমাল’চ্যানেল এখনো বেশ শক্তিশালী । এজন্য বৈধ চ্যানেলে রেমিটেন্স পাঠানোর খরচ কমানোর বিষয়টি নিয়ে আমরা ভাবছি। তবে সাম্প্রতিক রেমিটেন্স প্রবাহ কমলেও দুঃচিন্তার কিছু নেই। ৮ মাসের আমদানি ব্যয় মেটানোর মত বৈদেশিক মুদ্রার রিজার্ভ আমাদের রয়েছে।
সভায় অন্যান্যের মধ্যে এমসিসিআই সভাপতি ব্যারিস্টার নিহাদ কবীর ও সংগঠনের সাবেক সহ-সভাপতি আনিস এ খান বক্তব্য রাখেন। বাসস
ইত্তেফাক/উজ্জল