রাজশাহী চিনিকলে পাওনা চার কোটি টাকা
পুঠিয়া (রাজশাহী) সংবাদদাতা
গত আখ মাড়াই মৌসুমে পুঠিয়া অঞ্চলে এক হাজারের অধিক চাষি আখ চাষ করেন। তারা রাজশাহী চিনিকলে আখ সরবরাহ করে এখন পর্যন্ত মূল্য পাননি। পুঠিয়া সাব জোনে চাষিদের আখের মূল্য পাওনা রয়েছে প্রায় চার কোটি ২০ লাখ টাকা। এদিকে আখের মূল্য না পেয়ে উপজেলার আখ চাষিরা মানবেতর জীবন-যাপন করছেন। সেই সঙ্গে আখ চাষেও আগ্রহ হারাচ্ছেন তারা।
উপজেলার আখ চাষি নজের আলী, মারুফ, জুলহাস, শাহজাহান আলী ও আফতাব উদ্দিন জানান, পাওনা টাকা না পেয়ে সংসার চালাতে হিমশিম খাচ্ছি। তারা অর্থাভাবে আখের পরিচর্যাও বন্ধ রেখেছেন। পুঠিয়া সাবজোনের ডেপুটি ম্যানেজার (ডিএম) এমদাদুল হক জানান, পুঠিয়া সাবজোনে কৃষকের পাওনা চার কোটি ২০ লাখ টাকা। কৃষকের পাওনা পরিশোধে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ চেষ্টা চালাচ্ছে।
রাজশাহী চিনিকলের ব্যবস্থাপনা পরিচালক আশফাকুর রহমান টাকা পাওনার সত্যতা স্বীকার করে জানান, চিনিকলের অধীন ৯টি সাবজোনে আখ চাষির পাওনা রয়েছে প্রায় ২৬ কোটি টাকা। পাওনা টাকা দ্রুত পরিশোধে সরকারি প্রচেষ্টা অব্যাহত রয়েছে। শিগগিরই চাষিরা তাদের পাওনা টাকা পাবেন বলেও জানান তিনি।