বগুড়ার শিবগঞ্জ উপজেলায় বোনকে উত্ত্যক্ত করার সময় বাধা দেওয়ায় বখাটের মারপিটে ভাই কারিমুল ইসলাম (২৬) গুরুতর আহত হয়েছেন। পরে তাকে শিবগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়েছে। এ ঘটনায় পুলিশ তাৎক্ষণিক অভিযান চালিয়ে বখাটে শরিফুল ইসলামকে (১৮) আটক করে। শরিফুল উপজেলার শিবগঞ্জ ইউনিয়নের উথলী আকন্দপাড়া গ্রামের আমিনুল ইসলামের ছেলে।
স্থানীয়রা জানান, রবিবার সকালে প্রতিদিনের মতো উথলী পূর্বপাড়া গ্রামের বাসিন্দা ও উথলী উচ্চবিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্রী প্রাইভেট পড়ার জন্য স্কুলে আসািছল। পথে রথবাড়ি বাজারের পাশে বখাটে শরিফুল তার গতিরোধ করে উত্ত্যক্ত করতে থাকে। এ সময় ছাত্রীর বড় ভাই কারিমুল ইসলাম ওই পথ দিয়ে যাবার সময় বিষয়টি তার নজরে পড়ে। কারিমুল এ ঘটনার প্রতিবাদ করলে বখাটে শরিফুল তাকে বেধরক মারপিট করে। এতে তার মাথায় আঘাত লেগে মাটিতে লুটিয়ে পড়ে আহত হয়। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে শিবগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে নিযে যান। সেখানে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়। ঘটনার পর বখাটে যুবক পালিয়ে যায়। বিষয়টি জানার পর শিবগঞ্জ থানার ওসি শাহিদ মাহমুদ খান অভিযান চালিয়ে পার্শ্ববর্তী বালু গ্রাম থেকে ৪ ঘণ্টার ব্যবধানে বখাটে শরিফুলকে আটক করে।
স্থানীয় গ্রামবাসী আবুল আকন্দ, কোরবান আলী, কামাল প্রামানিক জানান, এর আগে ওই বখাটে যুবক আরও দুইটি উত্ত্যক্তের ঘটনা ঘটিয়েছে। সেই সময় তার পরিবারকে সতর্ক করে দেওয়া হয়।
শিবগঞ্জ থানার ওসি শাহিদ মাহমুদ খান জানান, ঘটনাটি জানার সঙ্গে সঙ্গে অভিযান চালিয়ে বখাটেকে আটক করা হয়েছে। এ বিষয়ে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
ইত্তেফাক/মাহমুদুল ইসলাম