চাঁদপুর প্রতিনিধি
বনানীর এফ আর টাওয়ারে অগ্নিকাণ্ডের ঘটনায় চাঁদপুরের ৩ জন নিহত হয়েছেন। নিহতরা হলেন— জেলার ফরিদগঞ্জ উপজেলার গুপ্টি ইউনিয়নের শ্রীকালিয়া গ্রামের মুন্সিবাড়ির মকবুল আহমেদের ছেলে আব্দুল্লাহ আল ফারুক তমাল, মতলব দক্ষিণ উপজেলার খাদেরগাঁও ইউনিয়নের নাগদা গ্রামের বেনু প্রাধানিয়ার ছেলে রেজাউল করিম রাজু, কচুয়া উপজেলার ৩নং বিতারা ইউনিয়নের বাইছাড়া গ্রামের হাবিবুর রহমানের ছেলে আতাউর রহমান চঞ্চল।
নিহত তমাল ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবস্থাপনা বিভাগের প্রাক্তন শিক্ষার্থী ছিল। বৃহস্পতিবার আগুনে দগ্ধ হওয়ার পর ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে নেওয়ার পর তার মৃত্যু হয় বলে জানিয়েছেন তার বন্ধু মিনহাজ উদ্দিন।
অগ্নিদগ্ধ হয়ে নিহত মতলব দক্ষিণ উপজেলার নাগদা গ্রামের রেজাউল করিম রাজু ওই ভবনের ৫ম তলার আসিফ ইন্টারন্যাশনালের নির্বাহী পরিচালক ছিলেন। ওই ভবনের ৫ তলার পুরো ফ্লোরটি তিনি ক্রয় করে ব্যবসা করতেন।
অপর নিহত আতাউর রহমান চঞ্চলের চাচাতো ভাই দনিয়া বিশ্ববিদ্যালয় কলেজের ইংরেজি বিভাগের চেয়ারম্যান মুন্সী নূরুল আলম বেলাল বলেন, চঞ্চল মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে ও এক মেয়েসহ বহু গুণগ্রাহী রেখে গেছেন।
বিতারা ইউনিয়নের ২নং ওয়ার্ডের সদস্য (মেম্বার) আবদুল বারেক প্রধান বলেন, চঞ্চলের লাশ তার বাবার পাশেই নিজ গ্রামে দাফন করা হয়।