শান্তি-শৃংখলা বজায় রাখতে কমিউনিটি পুলিশ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে

'সমাজে শান্তি- শৃংখলা বজায় রাখা এবং মাদক, সন্ত্রাস, জুয়া ও জঙ্গি তৎপরতা বন্ধে কমিউনিটি পুলিশিং গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। জঙ্গিবাদ, সন্ত্রাস ও মাদক থেকে ঘিওরবাসীকে মুক্ত করতে হলে কমিউনিটি পুলিশিং এর কোনো বিকল্প নেই। তাই সৎ, যোগ্য ও নিষ্ঠাবান যুব সমাজসহ সকলকে কমিউনিটি পুলিশিং-এ যোগ দিয়ে ঘিওর উপজেলায় আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে এগিয়ে আসতে হবে।' গতকাল রোববার সন্ধ্যায় মাদক বিরোধী মত বিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে জেলা পুলিশ সুপার মাহ্ফুজুর রহমান (বিপিএম) উপরোক্ত কথাগুলো বলেন।

স্থানীয় পাবলিক লাইব্রেরি মাঠে ঘিওর থানা প্রশাসন ও কমিউনিটি পুলিশিং কমিটির উদ্যোগে আয়োজিত সমাবেশে ইউনিয়ন কমিউনিটি পুলিশিং ফোরামের সভাপতি অহিদুল ইসলাম টুটুলের সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা এ্যাডভোকেট আব্দুস সালাম, অতিরিক্ত পুলিশ সুপার মোঃ জাকির হাসান, অতিরিক্ত পুলিশ সুপার (সদর -শিবালয় সার্কেল) মুহাম্মদ আব্দুল আওয়াল, ঘিওর উপজেলা চেয়ারম্যান খন্দকার লিয়াকত হোসেন, ঘিওর থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ মিজানুর রহমান, জেলা কমিউনিটি পুলিশিং ফোরামের সভাপতি মশির আহমেদ মজুমদার স্বপন, সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা হবিবর রহমান সরকার, জেলা কমিউনিটি পুলিশিং ফোরামের সহসভাপতি আব্দুল মতিন মুসা, ঘিওর ইউনিয়ন কমিউনিটি পুলিশিং ফোরামের সাধারন সম্পাদক আবুল মোঃ কামরুল হাসান পলাশ প্রমুখ।

অনুষ্ঠানের সঞ্চালনায় ছিলেন বিটিভির সংবাদ পাঠিকা শ্যামা খান।সভায় স্থানীয় কমিউনিটি পুলিশিং কমিটির নেতৃবৃন্দ, বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন।

ইত্তেফাক/নূহু