এস.আই. জালালের ব্যাতিক্রমী কর্মকাণ্ড পুলিশের ভাবমূর্তি উজ্জ্বল করছে

কুষ্টিয়ার মিরপুর থানার কাকিলাদহ ক্যাম্প ইনচার্জ (আইসি) এস.আই. জালাল উদ্দীন খাঁনের ব্যাক্তি উদ্দ্যোগের ‘ত্রি-নয়ন’ নামের মতবিনিময় বিষয়ক সামাজিক আন্দোলন জনমনে ভিন্নমাত্রার স্বস্তি এনে দিয়েছে।

পুলিশ বাহিনীর এই কর্মকর্তা গত বছরের জানুয়ারি মাসে উপজেলার মধ্যে সর্বাধিক সন্ত্রাসপ্রবণ ওই ক্যাম্পে ইনচার্জ হিসাবে যোগদান করেন। যোগদানের পর থেকে তিনি তাঁর ক্যাম্পের আওতাধীন বিভিন্ন এলাকার সচেতন অভিভাবক, শিক্ষক, রাজনীতিবিদ ছাড়াও সমাজের বিভিন্ন গুরুত্বপূর্ণ কাজে ভুমিকা রাখা ব্যাক্তিদের নিয়ে  ত্রি-নয়ন নামের আলোচনা ও মতবিনিময় অনুষ্ঠানের আয়োজন করেন।

মতবিনিময় সভায় বর্তমান সরকারের অগ্রাধিকারমুলক জঙ্গিবাদ, মাদক ছাড়াও বাল্যবিবাহ, ইভটিজিংসহ সমাজের নানা অসংগতির বিষয়গুলো উঠে আসে।

এ সকল মতবিনিময় সভায় এলাকার সচেতন ব্যাক্তিবর্গ স্বতঃস্ফুর্তভাবে  অংশ নিয়ে  এলাকার বিভিন্ন সমস্যা, পুলিশ বাহিনী ও সরকারের বিভিন্ন দপ্তরের করণীয় কি এবং সেই সঙ্গে সমাধানের উপায় খোঁজার চেষ্টা করেন।

এছাড়াও ওই অনুষ্ঠানের মাধ্যমে বর্তমান সরকারের ডিজিটাল বাংলাদেশ গড়ার স্বপ্ন ও সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ডের ব্যাপারে আলোচনা হয়। আইন শৃংখলা রক্ষার পাশাপাশি ক্যাম্প আইসির ভিন্ন মাত্রার সামাজিক আন্দোলন ত্রি-নয়ন বিষয়ক মতবিনিময় অনুষ্ঠান যেমন সরকার ও পুলিশ বাহিনীর ভাবমুর্তি সমৃদ্ধ করছে অন্যদিকে জনমনে এনে দিচ্ছে স্বস্তির বার্তা।

‘ত্রি-নয়ন’ ভিন্নমাত্রার মতবিনিময় সভার সাফল্য হিসাবে ১১ ফেব্রুয়ারি অত্র ক্যাম্পের আওতাধীন যুব সমাজকে নেশামুক্ত থাকার বর্ষপূর্তি পালিত হয়েছে।

উপজেলার কাকিলাদহ ক্যাম্প ইনচার্জ জালাল উদ্দিন খানের ব্যতিক্রমী উদ্যোগে নেশামুক্ত হচ্ছে উপজেলার সদরপুর ইউপির কয়েকটি গ্রাম। গত একবছর যাবৎ উপজেলার কাকিলাদহ, মেহেরনগর, আমিনবাজারসহ কয়েকটি গ্রামের যুব সমাজের বড় একটি অংশ নেশা না করার শপথ নেয়। এক বছর আগে বিভিন্ন সময় নেশাগ্রস্ত অবস্থায় তারা আইনশৃংখলা বাহিনীর হাতে আটক হয়। নেশা পান না করার শর্তে পুলিশ তাদের ছেড়ে দেয়।

তারপর থেকে ১১ ফেরুয়ারি তাদের নেশামুক্ত থাকার এক বছর পূর্ণ হলো। এ উপলক্ষে অনাড়ম্বর অনুষ্ঠানের আয়োজন করা হয়। আয়োজিত অনুষ্ঠানে স্বপ্নদ্রষ্টা এস আই জালাল খাঁন ছাড়াও বক্তব্য রাখেন, বিচারপতি ড. রাধা বিনোদ পাল মডেল স্কুলের অধ্যক্ষ রফিকুল ইসলাম, শিক্ষক শফিউদ্দিন, আব্দুর রহিম, আওয়ামী লীগ নেতা রুহুল আমিন, জাসদ নেতা আব্দুল হান্নান প্রমুখ।

ইত্তেফাক/নূহু