মেলায় বসন্তের ছোঁয়া

সোহরাওয়ার্দী উদ্যান থেকে ভেসে আসে পাখির ডাক। চারদিকে শুকনো পাতার ওড়াউড়ি। প্রকৃতিতে বসন্তের আবাহন। এসেছে বসন্ত। সেই শিহরণ প্রকৃতিজুড়ে। আজ পহেলা ফাল্গুন, ঋতুরাজ বসন্তের প্রথম দিন। সেই আনন্দের রঙ লাগবে মেলায়। তরুণ-তরুণীরা আজ মেতে উঠবে বসন্ত আবাহনে।

পহেলা ফাল্গুন আর ভালোবাসা দিবস পরপর হওয়ায় তার রেশ মেলায় পড়তে শুরু করে আগে থেকেই। বাসন্তী শাড়ি পরে, খোঁপায় ফুল গুঁজে মেয়েদের ঘুরে বেড়ানো মেলায় উত্সবের রঙ বুলিয়ে দেয়। গতকাল মাঘের শেষ দিনেও মেলায় ছিল বসন্তের আবহ। ঝিরঝিরে পাতা ঝরার শব্দের মতো দলে দলে মানুষ এসেছে মেলায়। তরুণীদের পোশাকে ছিল বসন্তের ছোঁয়া। সোহরাওয়ার্দী উদ্যানে, বাংলা একাডেমির গাছে গাছে কোকিলের কুহু কুহু ডাক মেলায় আগতদের জানান দিচ্ছিল বসন্ত এসে গেছে।

অবসর প্রকাশনীর প্রকাশক আলমগীর রহমান বললেন, ‘পহেলা ফাল্গুন ও ভালোবাসা দিবসে সব সময়ই ভালো বেচাকেনা হয়। তরুণরা মেলা জমিয়ে তোলে। আশা করি, এবারো তার ব্যতিক্রম হবে না।’ অন্যপ্রকাশের প্রধান নির্বাহী মাজহারুল ইসলাম বললেন, ‘আমাদের দেশে মানুষের উত্সব আনন্দে যাওয়ার জায়গা খুব বেশি নেই। আর বইমেলা হচ্ছে আমাদের সংস্কৃতির অন্যতম উত্সব। পহেলা ফাল্গুন ও ভালোবাসা দিবসে আমরা আশা করছি মানুষের পদচারণায় মুখর হবে মেলা।’

৩১ বইয়ের মোড়ক উন্মোচন: গতকাল মেলায় ৩১টি নতুন বইয়ের মোড়ক উন্মোচন করা হয়। সোহরাওয়ার্দী উদ্যান অংশে উন্মোচন করা হয় কথাসাহিত্যিক ও শিক্ষাবিদ অধ্যাপক ড. সৈয়দ মনজুরুল ইসলামের ‘একাত্তর ও অন্যান্য গল্প’ বইটির। অন্যপ্রকাশ থেকে প্রকাশিত বইটির মোড়ক উন্মোচন করেন কথাসাহিত্যিক ইমদাদুল হক মিলন।

মোড়ক উন্মোচন শেষে সৈয়দ মনজুরুল ইসলাম বলেন, ‘এবারের মেলা খুব সুন্দর আর গোছানো হয়েছে। শুরু থেকেই জমে উঠেছে মেলা। গেল শুক্রবার তো আমি মানুষের ভিড়ে ভেতরে প্রবশে করতেই পারিনি। পহেলা বসন্ত আর ভালোবাসা দিবস উপলক্ষে মেলায় মানুষের আনাগোনা আরো বাড়বে সন্দেহ নেই।’

৯৬ নতুন বই:গতকাল নতুন বই এসেছে ৯৬টি। এরমধ্যে মুক্তধারা প্রকাশনী এনেছে সিরাজুল ইসলাম চৌধুরীর ‘একাত্তরের যুদ্ধ ও জাতীয়তাবাদের পরীক্ষা’, রয়েল পাবলিশার্স এনেছে কবি নাসির আহমেদের ‘কবিতা সমগ্র ১’, সোহরাব পাশার ‘ভালোবাসা দাঁড়িয়ে থাকে না’, অন্যধারা এনেছে রেজাউদ্দিন স্টালিনের ‘অবুঝ জাদুঘর’, দেশ পাবলিকেশন্স এনেছে পিনাকি দাশগুপ্তের ‘শরণার্থী ক্যাম্পের দিনগুলো’,আশা নাজনীনের ‘স্বামীসূত্র’ প্রকাশ করেছে অবসর;  সৃষ্টি প্রকাশনী এনেছে তপন বাগচীর ‘মেঘের ভেলা ছায়ার খেলা’, অনন্যা এনেছে গোলাম মাওলা রণির ‘অগ্নি থেকে তেল ভানু মতির খেল’, সময় এনেছে আবুল বাসারের ‘চার্লি এন্ড দ্য চকোলেট ফ্যাক্টরি’ ও ঐতিহ্য এনেছে ফিরোজ আহমদ কামাল অনূদিত আরিয়ানা হাফিংটনের ‘পিকাসো: ক্রিয়েটর এন্ড ডেস্ট্রয়ার’।

মূলমঞ্চের আয়োজন: গতকাল বিকাল ৪টায় গ্রন্থমেলার মূলমঞ্চে অনুষ্ঠিত হয় ‘দীনেশচন্দ্র সেনের সার্ধশত জন্মবার্ষিকী’ শীর্ষক আলোচনা অনুষ্ঠান। অনুষ্ঠানে প্রবন্ধ উপস্থাপন করেন অধ্যাপক সৈয়দ আজিজুল হক। আলোচনায় অংশগ্রহণ করেন ড. মাহবুবুল হক ও  ড. এম আবদুল আলীম। সভাপতিত্ব করেন অধ্যাপক মোহাম্মদ আবদুল কাইউম।

সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠানে আবৃত্তি পরিবেশন করেন আবৃত্তিশিল্পী এস এম মাহিদুল ইসলাম, রেজিনা ওয়ালী লীনা, শাহাদাত্ হোসেন নিপু প্রমুখ। সঙ্গীত পরিবেশন করেন কণ্ঠশিল্পী স্বপ্না রায়, চন্দনা মজুমদার প্রমুখ।

আজকের আয়োজন:আজ মেলা শুরু হবে বিকাল ৩টায় এবং চলবে রাত সাড়ে ৮টা পর্যন্ত। বিকাল ৪টায় গ্রন্থমেলার মূলমঞ্চে অনুষ্ঠিত হবে ‘মদনমোহন তর্কালঙ্কারের জন্মদ্বিশতবার্ষিকী’ শীর্ষক আলোচনা অনুষ্ঠান। অনুষ্ঠানে প্রবন্ধ উপস্থাপন করবেন অধ্যাপক শফিঊল আলম।

ইত্তেফাক/নূহু