নারায়ণগঞ্জের আলোচিত সাত খুন মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত সাবেক র্যাব সদস্য আব্দুল আলীম গতকাল রবিবার আত্মসমর্পণ করেছেন। আলীম এই মামলার ৭নং আসামি। তিনি এ হত্যাকাণ্ডের পর থেকেই পলাতক ছিলেন।
চলতি বছরের ১৬ জানুয়ারি এই মামলার রায়ে ২৬ জনকে মৃত্যুদণ্ড দেন নারায়ণগঞ্জ জেলা ও দায়রা জজ আদালত। রায়ে নূর হোসেন, তারেক সাইদ, মো. আরিফ হোসেন, মাসুদ রানার পরই এই আসামির নাম ঘোষণা করা হয়েছিলো আদালতে। উল্লেখ্য, ২০১৪ সালের ২৭ এপ্রিল নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লায় খান সাহেব ওসমান আলী জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের সামনে থেকে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ২নং ওয়ার্ডের তত্কালীন কাউন্সিলর ও প্যানেল মেয়র-২ নজরুল ইসলাম, তার বন্ধু মনিরুজ্জামান স্বপন, তাজুল ইসলাম, লিটন, নজরুলের গাড়িচালক জাহাঙ্গীর আলম, আইনজীবী চন্দন কুমার সরকার ও তার গাড়িচালক ইব্রাহিম অপহূত হন। পরদিন ২৮ এপ্রিল ফতুল্লা মডেল থানায় একটি মামলা দায়ের করেন নজরুল ইসলামের স্ত্রী। ওই মামলায় সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামী লীগের সহ-সভাপতি নূর হোসেনকে প্রধান করে ৬ জনকে আসামি করা হয়। এছাড়া আইনজীবী চন্দন সরকারের মেয়ের জামাতা বিজয় কুমার পাল বাদী হয়ে নারায়ণগঞ্জের ফতুল্লা মডেল থানায় আরো একটি মামলা করেন। ৩০ এপ্রিল বিকালে শীতলক্ষ্যা নদী থেকে ৬ জন এবং ১ মে সকালে একজনের লাশ উদ্ধার করা হয়। পরে স্বজনরা লাশগুলো শনাক্ত করেন।
ইত্তেফাক/নূহু