ভালবাসা দিবসের নাটক ‌‌‘পদ্মপাতা’

 
ভালবাসা দিবস উপলক্ষে নাজমুল হুদা শাপলা নির্মাণ করেছেন বিশেষ নাটক ‘পদ্মপাতা’। রচনা করেছেন কিঙ্কর আহসান।
 
নাটকটির গল্পে দেখা যাবে, মফস্বলে সরকারি একটি অফিসে ছোট্ট চাকরি করে শাহেদ। স্ত্রী নবনীকে নিয়ে সুখের সংসার, ভালমতো চলছে তাদের সংসার জীবন। এরমধ্যে আচমকা এসে হাজির হয় নবনীর বন্ধু রায়হান, পেশায় তিনি স্বনামধন্য ব্যবসায়ী। এরপর থেকে গল্প মোড় নিতে শুরু করে।
 
নবনীর এক বন্ধুকে ফোন দিয়ে কৌশলে শাহেদ জানতে পারে রায়হানের সাথে গভীর প্রেম ছিল নবনীর। তাদের বিয়েরও কথা ছিল। কিন্তু শেষ মুহূর্তে রায়হান পিছিয়ে যায়। সব শুনে শাহেদের মন খারাপ হয়ে যায়। এরপর কী হবে দেখতে হবে।
 
নাটকটিতে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন মাজনুন মিজান, এফ এস নাঈম ও ফারজানা শার্লিন।
 
মাজনুন মিজান নাটকটির বিষয়ে ইত্তেফাক অনলাইনকে বলেন, নাটকটির গল্প ভাল। ভালবাসা দিবসকে কেন্দ্র করে মূলত সম্পর্কের টানাপোড়েন, মান অভিমানের গল্প দেখা যাবে এ নাটকে।
 
‘পদ্মপাতা’ নাটকটি প্রচারিত হবে আগামীকাল ১৪ ফেব্রুয়ারি রাত পৌনে ৮টায় গাজী টিভিতে। 
 
ইত্তেফাক/ আনিসুর