‘অর্থহীন’ ব্যান্ডের লাইন আপের যুক্ত হয়েছে নতুন সদস্য। এমনটি শোনা যাচ্ছিল কিছুদিন ধরে। ইউটিউবে জনপ্রিয় সংগীতশিল্পী জেফার। সম্প্রতি ‘অর্থহীন’-এর সঙ্গে একটি শোতে জেফার পারফর্ম করেন। এরপর থেকেই অনেকেই ধারণা করছেন নতুন সদস্য হিসেবে জেফার যুক্ত হয়েছেন ‘অর্থহীন’ ব্যান্ডে।
এ নিয়ে কিছুদিন আগে ব্যান্ডটির অফিশিয়াল ফ্যান পেইজে একটি স্ট্যাটাস দেওয়া হয়। যেখানে বিষয়টি সম্পর্কে পরিষ্কার করে বলা হয়। ব্যান্ডের কর্ণধার সুমন বলেন, ‘জেফার অর্থহীন-এর নতুন সদস্য নয়। আমরা শুধু একসঙ্গে পারফর্ম করেছি। আমি ব্যক্তিগতভাবে জেফারের সঙ্গে কয়েকটি কাজ করছি। কিন্তু সেটির সঙ্গে অর্থহীন যুক্ত নয়। তবে অর্থহীন ও জেফার সামনে একসঙ্গে আরও পারফর্ম করবে।’
অন্যদিকে সুমন চলতি সময়ে ব্যান্ড নিয়ে স্টেজ শো করার পাশাপাশি ‘অর্থহীন’-এর নতুন লাইভ অ্যালবাম নিয়ে ব্যস্ত আছেন। যেখানে ব্যান্ডের লাইভ গানগুলোর নিয়ে কাজ করা হচ্ছে। এছাড়া সুমন বেইস নিয়ে আরও একটি ইনস্ট্রুমেন্টাল অ্যালবামের পরিকল্পনা করছেন। এটি তার দ্বিতীয় অ্যালবাম হতে যাচ্ছে। এর আগে গতবছর আমেরিকা থেকে একটি ইনস্ট্রুমেন্টাল অ্যালবাম রিলিজ দেন সুমন।
এ প্রসঙ্গে তিনি বলেন, ‘মিউজিক একটি সার্বজনীন ভাষা। শুধু ইনস্ট্রুমেন্ট দিয়ে যেই ভাষা বোঝানো সম্ভব। আমি সেই চেষ্টাই করছি। মূলত এই কাজটি নিজের ভালোলাগা থেকেই। আমাদের দেশে এই চর্চাটা খুব বেশি না থাকলেও শুধু মিউজিক শোনার মানুষ অনেক রয়েছেন। আমরা বাইরের অনেকের ইনস্ট্রুমেন্ট পারফর্মেন্স দেখি। আশা করি, আমাদের দেশেও এই চর্চাটা বড় পরিসরে শুরু হবে।’
ইত্তেফাক/ আনিসুর