সিঙ্গাপুর সফরে বাংলাদেশ নারী দলের পৃষ্ঠপোষক ওয়ালটন

চলতি মাসের ১৬ থেকে ১৮ ফেব্রুয়ারি সিঙ্গাপুরে অনুষ্ঠিত হবে ‘উইমেন্স ডেভেলপমেন্ট টুর্নামেন্ট সিঙ্গাপুর-২০১৭’। এই টুর্নামেন্টে অংশ নিবে বাংলাদশে জাতীয় মহিলা ফুটবল দল। সিঙ্গাপুর সফরকারী বাংলাদেশ দলকে পৃষ্ঠপোষকতা ওয়ালটন।
 
রবিবার এ উপলক্ষ্যে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সভাকক্ষে চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের পক্ষে চুক্তি স্বাক্ষর করেন বাফুফে সদস্য ও মহিলা ফুটবল কমিটির চেয়ারম্যান মাহফুজা আক্তার কিরণ এবং ওয়ালটন গ্রুপের স্পোর্টস এন্ড ওয়েলফেয়ার বিভাগের প্রধান অপারেটিভ ডিরেক্টর এফ এম ইকবাল বিন আনোয়ার ডন।
 
উইমেন্স ডেভেলপমেন্ট টুর্নামেন্টে অংশ নিতে আগামী ১৫ ফেব্রুয়ারি সিঙ্গাপুরের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করবে জাতীয় ফুটবল দল। এই টুর্নামেন্টে বাংলাদেশের প্রতিপক্ষ মালয়েশিয়া ও সিঙ্গাপুর দল। বাংলাদেশ মোট দুটি ম্যাচ খেলার সুযোগ পাবে। অন্যান্য দেশের জাতীয় দল খেললেও বাংলাদেশ দলে জাতীয় দলের খেলোয়াড় থাকবেন মাত্র ৪ জন। বাকিরা অনূর্ধ্ব-১৬ দলের।
 
মাহফুজা আক্তার কিরণ বলেন, ‘ওয়ালটনকে সব সময় আমরা পাশে পাই। এবারও তারা আমাদের পাশে এসে দাঁড়িয়েছে। সে জন্য ওয়ালটনকে ধন্যবাদ জানাই। আশা করব ভবিষ্যতেও এভাবে তারা আমাদের পাশে থাকবে।’
 
এফএম ইকবাল বিন আনোয়ার (ডন) বলেন, ‘আমরা সব সময় ফুটবলের পাশে আছি। বিশেষ করে নারী ফুটবলের পাশে। আমরা ওয়ালটন পরিবার ভারতে অনুষ্ঠিত সাফ ফুটবলে নারী ফুটবল দলকে পৃষ্ঠপোষকতা দিয়েছিলাম। এরপর জাপান সফরে বাংলাদেশ অনূর্ধ্ব-১৬ দলকেও পৃষ্ঠপোষকতা দিয়েছে ওয়ালটন গ্রুপ। এবার সিঙ্গাপুর সফর করতে যাওয়া বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দলের পৃষ্ঠপোষকতায় এগিয়ে এসেছি। আমাদের বিশ্বাস সিঙ্গাপুরে বাংলাদেশ দল ভালো খেলবে।’
 
ইত্তেফাক/মাহাদী